× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শিবগঞ্জে শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত কৃষকরা

জাফর ইকবাল, শিবগঞ্জ (বগুড়া)

প্রকাশ : ১৯ অক্টোবর ২০২৫ ১৫:৩৪ পিএম

ফুলকপি চাষে পরিচর্যায় ব্যস্ত একজন কৃষক। মোকামতলা ইউনিয়নের মুরাদপুর গ্রাম থেকে তোলা ছবি। প্রবা ফটো

ফুলকপি চাষে পরিচর্যায় ব্যস্ত একজন কৃষক। মোকামতলা ইউনিয়নের মুরাদপুর গ্রাম থেকে তোলা ছবি। প্রবা ফটো

শীতের আগমন ঘনিয়ে আসতেই বগুড়ার শিবগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় শীতকালীন শাকসবজি চাষে ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। ইতোমধ্যে অনেকে জমি প্রস্তুত ও চারা রোপণের কাজ শেষ করেছেন। কারও কারও ব্যস্ততা বেড়েছে জমির পরিচর্যা ও সার প্রয়োগ করায়।

কৃষকরা জানান, প্রতিবছরের মতো এবারও শীত মৌসুমে ফুলকপি, বাঁধাকপি, মুলা, শিম, বেগুন, লাউ, টমেটো, গাজরসহ নানা প্রজাতির সবজি চাষ করেছেন তারা। অনুকূল আবহাওয়া ও রোগবালাই কম থাকায় ভালো ফলনের আশা করছেন কৃষকরা। আগের বছর ভালো দাম পাওয়ায় এ বছর অনেকেই আগের তুলনায় বেশি জমিতে চাষ করেছেন।

শিবগঞ্জ উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় আগের বছরের তুলনায় বেশি জমিতে শীতকালীন শাকসবজি চাষ হয়েছে। এ মৌসুমে উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৪৪ হাজার ১২৬ মেট্রিক টন। কৃষি বিভাগের নিয়মিত পরামর্শ, আধুনিক প্রযুক্তির ব্যবহার ও মাঠপর্যায়ে তদারকির ফলে কৃষকরা এখন আরও সচেতন ও আত্মবিশ্বাসী হয়ে উঠেছেন।

স্থানীয় মোকামতলা ইউনিয়নের কৃষক বিপুল মিয়া বলেন, ‘প্রতি বছর এই সময়টা আমাদের সবচেয়ে ব্যস্ত সময়। এখন থেকেই জমিতে কাজ শুরু করেছি। আশা করছি ডিসেম্বরের দিকেই বাজারে সবজি তুলতে পারবো। এবারও ভালো দাম পাবো ইনশাআল্লাহ।’

এছাড়া অনেক নারী কৃষকও এখন শীতকালীন সবজি চাষে যুক্ত হচ্ছেন। তারা পারিবারিক পর্যায়ে ছোট জমিতে সবজি উৎপাদন করে সংসারে উল্লেখযোগ্য অবদান রাখছেন।

অন্যদিকে কৃষি কর্মকর্তারা জানান, শিবগঞ্জের উর্বর মাটি ও অনুকূল আবহাওয়া সবজি উৎপাদনের জন্য অত্যন্ত উপযোগী। যথাযথ পরিচর্যা ও রোগবালাই নিয়ন্ত্রণে থাকলে এ মৌসুমে কৃষকরা ভালো ফলন ও লাভের মুখ দেখবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন তারা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা