উজিরপুর (বরিশাল) প্রতিবেদক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫ ১৯:৩৮ পিএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৫ ১৯:৪২ পিএম
বরিশালের উজিরপুর উপজেলার বিভিন্ন বিল অঞ্চল থেকে এক শ্রেণির অসাধু শিকারি প্রতিনিয়ত অতিথি পাখি শিকার করে প্রকাশ্যে বিক্রি করে আসছে। স্থানীয়রা জানান, উপজেলার মশাং, হারতা, জল্লা, সাতলা ইউনিয়নের বিভিন্ন বাজারে ভোর থেকে অতিথি পাখি হাট বসে।
এ বিষয়টি স্থানীয়রা উজিরপুর বন বিভাগকে অবগত করলে শনিবার (১৮ অক্টোবর) সকালে মশাং বাজারে অভিযান চালিয়ে বিলুপ্তপ্রায় দেশি প্রজাতির পাখিসহ ২০টি অতিথি পাখি আটক করে। উপজেলা বন কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, তিনি গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে পাখিসহ বিক্রেতাকে হাতেনাতে আটক করেন। এ সময় উপজেলা বন কর্মকর্তা মো. হুমায়ুন কবিরের নেতৃত্বে বনপ্রহরী বদিউজ্জামান হাওলাদার বাদল, গ্রাম পুলিশ মোহাম্মদ সেলিম শেখ উপস্থিত ছিলেন।
পাখি শিকারি ও বিক্রেতা সুশীল বিশ্বাসকে (৬৫) আটক করে উপজেলা সদরে নিয়ে আসেন। এরপর বিভিন্ন আইনে জটিলতার কারণে পাখিগুলো অবমুক্ত করার জন্য বন কর্মকর্তা বিভিন্ন দপ্তরে ঘুরতে থাকে। পরে গৌরনদী বনরেঞ্জ কর্মকর্তা নুরুল ইসলাম বিশ্বাসের ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজার সহায়তায় পাখিগুলো পৌর সদরের ৯ নম্বর ওয়ার্ডের পরমানন্দসাহা গ্রামে সন্ধ্যা নদীর চরে মুক্ত করা হয়।
পাখি বিক্রেতা সুশীল বিশ্বাস জানান, তিনি সাতলা নয়াকান্দি গ্রাম থেকে ২০টি পাখি ৭ হাজার টাকায় ক্রয় করে নিয়ে আসেন মশাং বাজারে বিক্রির জন্য। সুশীল বিশ্বাস হারতা ইউনিয়নের কালবিলা গ্রামের সুরেন বিশ্বাসের ছেলে।