হিলি (দিনাজপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫ ১৯:১২ পিএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৫ ১৯:২২ পিএম
‘২০২৬ সালের ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছেÑ তা সত্যিকারের অংশগ্রহণমূলক নির্বাচন হবে বলেই মনে হচ্ছে। এই নির্বাচন হবে জনগণের ভোটে সরকার নির্বাচনের সুযোগ। দেশের মানুষ এবার সুষ্ঠু ভোটের অপেক্ষায় আছে, নির্ভয়ে নিজেদের ভোটাধিকার প্রয়োগের অপেক্ষায় আছে।’
শনিবার (১৮ অক্টোবর) দুপুরে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে বিএনপির উদ্যোগে আয়োজিত এক পথসভায় এসব কথা বলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এজেডএম জাহিদ।
তিনি আরও বলেন, ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের জাতীয় নির্বাচনে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে। মানুষ ভোটকেন্দ্রে যাওয়ার আগেই ভোট হয়ে গেছে। রাতের আঁধারে জনগণ যখন ঘুমিয়ে ছিল, তখনই ব্যালট বাক্স ভর্তি হয়েছে। এভাবে কোনো দেশ, কোনো গণতন্ত্র টিকতে পারে না।
ধর্মীয় অনুভূতি ব্যবহার করে ভোট চাওয়ার সমালোচনা করে তিনি বলেন, কেউ কেউ বলছে, তাদের ভোট দিলে নাকি স্বর্গে যাওয়া যাবে! এসব মিথ্যা কথা বলে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। ধর্মকে ব্যবহার করে যারা রাজনীতি করে তারা ধর্মের অপব্যবহার করছে। ইমান হারাম উপায়ে শক্তিশালী হয় না। আল্লাহর সন্তুষ্টির জন্য ন্যায়ের পথে থাকতে হয়। তাই ভোট হবে ন্যায়-অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার বড় সুযোগ।
সভায় উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আতিকুর রহমান রাজা, হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি শফিকুল আলম মামুন, হাকিমপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন শিল্পী, বিরামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নুর-ইসলাম, হাকিমপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক এসএম রেজা বিপুল, হাকিমপুর পৌর বিএনপির সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হকসহ উপজেলা ও ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।