নারায়ণগঞ্জের বন্দর
নারায়ণগঞ্জ অফিস
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫ ১৫:২১ পিএম
নারায়ণগঞ্জের বন্দরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লিফলেট বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকালে নবীগঞ্জের পবিত্র কদমরসুল দরগাহ জিয়ারত শেষে গণসংযোগ ও লিফলেট বিতরণ শুরু হয়। নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়নপ্রত্যাশী শিল্পপতি আবু জাফর আহমেদ বাবুলের নেতৃত্বে এ লিফলেট বিতরণ করা হয়। কর্মসূচিতে স্থানীয় বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। তারা স্লোগানে স্লোগানে মুখর করে তোলেন এলাকা।
লিফলেট বিতরণ শেষে আবু জাফর আহমেদ বাবুল বলেন, ‘তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের বাংলাদেশ চলবে। তারেক রহমানের ৩১ দফার মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, দেশের উন্নয়ন হবে। এই ৩১ দফা জনগণের দ্বারে দ্বারে পৌঁছাতে হবে। আমি ঘোষণা দিয়েছি, নারায়ণগঞ্জ-৫ আসন থেকে মনোনয়ন চাইব।’
তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পেলে শীতলক্ষ্যায় কদমরসুল সেতু, এলাকায় বিশুদ্ধ পানির সংকট নিরসনসহ সব সমস্যার সমাধান করা হবে।
এ সময় উপস্থিত ছিলেনÑ মহানগর বিএনপি নেতা ফখরুল ইসলাম মজনু, বন্দর থানা বিএনপির সদস্য সচিব নাজমুল হক রানা, দুলাল হোসেন ও বরকত উল্লাহসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বন্দরের বিভিন্ন এলাকায় লিফলেট বিতরণ করা হয়। পরে সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় লিফলেট বিতরণের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।