ফেনী প্রতিবেদক
প্রকাশ : ১৮ অক্টোবর ২০২৫ ১৪:০৪ পিএম
আপডেট : ১৮ অক্টোবর ২০২৫ ১৯:৫০ পিএম
ফেনীর দাগনভূঞা উপজেলার জায়লস্কর ইউনিয়নের সিলোনীয়া বাজার সংলগ্ন চানপুর গ্রামের আজিজ উল্যা মাস্টার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
শুক্রবার (১৭ অক্টোবর) মধ্যরাতে ডাকাত দল পরিবারের সকলকে জিম্মি করে ৭০ ভরি স্বর্ণ, ৩ হাজার ইউরো, নগদ ৪ লাখ টাকাসহ ২ কোটি টাকার মালামাল লুট করে নিয়ে যায় বলে ক্ষতিগ্রস্থ পরিবার দাবি করেছে।
ক্ষতিগ্রস্থ পরিবার জানান, ওই রাতে আজিজ উল্ল্যাহ মাস্টারের ছোট ছেলে কামাল উদ্দিন বাবুলের ডুপ্লেক্স বাড়িতে ডাকাত দল প্রবেশ করে ঘরের লোকজনকে বেঁধে ফেলে। এসময় ৭০ ভরি স্বর্ণ, ৩ হাজার ইউরো, নগদ ৪ লাখ টাকা, মোবাইল, মূল্যবান জিনিসপত্রসহ ২ কোটি টাকার মালামাল লুটে নেয়। সকালে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
স্থানীয়রা জানান, স্থানীয় ও আশপাশের চিহ্নিত কতিপয় সন্ত্রাসী এ ঘটনার সাথে জড়িত। পুলিশ ও আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর কাছে এদের বিরুদ্ধে মাদক কারবার, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজির অভিযোগ রয়েছে। আইনশৃঙ্খলা অবনতির ঘটনায় এলাকায় আতংক বিরাজ করছে।
দাগনভূঞা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওয়াহেদ পারভেজ জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাতদের ধরতে অভিযানসহ মামলার প্রস্তুতি চলছে।
প্রসঙ্গত, গত ২০ সেপ্টেম্বর শনিবার রাতে সিলোনীয়া বাজারের মুদি মনিহারী ব্যবসায়ি আজাদ ষ্টোর এর মালিক আজাদ (৪৫) এর চোখেমুখে মরিচের গুঁড়া ছিটিয়ে ও এলোপাতাড়ি কুপিয়ে জখম করে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র দুইভরি স্বর্ণ ও নগদ টাকাসহ ৫ লাখ টাকার মত ছিনিয়ে নিয়ে যায়। ভুক্তভোগী দুইজনকে চিহ্নিত ও আরো ৫/৭ জনকে সন্দেহ করে থানায় মামলা দায়ের করলেও পুলিশ অদ্যাবদি কোন আসামি ধরতে পারেনি। উপজেলার ইয়াকুবপুর থেকে ১১টি গরু ডাকাতির ঘটনা ঘটেছে। গতমাসে জায়লস্কর ইউনিয়নের খুশিপুর গ্রামের তিন বাড়ি থেকে ৭টি গরু চুরির ঘটনা ঘটেছে। সিলোনীয়া পেট্রোল পাম্পের অনতিদূরে আগস্ট মাসে উত্তর আলীপুর স্কুল এন্ড কলেজের এক শিক্ষিকার নিকট থেকে দিনে-দুপুরে সিএনজি থেকে নগদ টাকা, স্বর্ণ ও মোবাইল ছিনতাইয়ের ঘটনার থানায় অভিযোগ করলেও কোনও সুফল মেলেনি। গতমাসে সিলোনীয়া বাজারে স্বামী-স্ত্রীকে আটক করে কাবিন তালাশ ও হাতাহাতির ঘটনায় করা মামলায়ও পুলিশ কাউকে আটক করতে পারেনি। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে সাধারণ মানুষের মাঝে উদ্বেগ-উৎকন্ঠা বিরাজ করছে।