নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫ ২২:২০ পিএম
নারায়ণগঞ্জের বন্দরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) বিকালে বন্দরের নবীগঞ্জের পবিত্র কদমরসুল দরগাহ জিয়ারত শেষে নারায়ণগঞ্জ-৫ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী শিল্পপতি আবু জাফর আহাম্মেদ বাবুলের নেতৃত্বে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়।
এ সময় দলীয় নেতাকর্মীদের স্লোগানে পুরো এলাকা উৎসবমুখর হয়ে উঠে। গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচিতে সাধারণ মানুষের ঢল নামে।
লিফলেট বিতরণ শেষে আবু জাফর আহমদে বাবুল বলেন, তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনের বাংলাদেশ চলবে। তারেক রহমানের ৩১ দফার মাধ্যমে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা ও উন্নয়ন সাধিত হবে। এই ৩১ দফা জনগণের দ্বারে দ্বারে পৌঁছাতে হবে। আমি ঘোষণা দিয়েছি নারায়ণগঞ্জ-৫ আসন থেকে মনোনয়ন চাইব।
তিনি আরও বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেলে নারায়ণগঞ্জের শীতলক্ষ্যায় কদমরসুল সেতু, বিশুদ্ধ পানির সঙ্কট নিরসনসহ সকল সমস্যার সমাধান করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন- মহানগর বিএনপি নেতা ফখরুল ইসলাম মজনু, বন্দর থানা বিএনপির সদস্য সচিব নাজমুল হক রানা, দুলাল হোসেন ও বরকত উল্লাহসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি বন্দরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বন্দর সেন্ট্রাল খেয়াঘাট এলাকায় গিয়ে শেষ হয়।