কুমিল্লা অফিস
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫ ২২:১১ পিএম
কুমিল্লা বিভাগের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পাঁচ হাজারের বেশি মোটরসাইকেল নিয়ে শোভাযাত্রা করেছেন তরুণরা। শুক্রবার (১৭ অক্টোবর) মহাসড়কের কুমিল্লা পদুয়ার বাজার বিশ্বরোডস্থ হোটেল নুরজাহানের সামনে থেকে এ শোভাযাত্রা শুরু হয়। জুমার নামাজের পর বিভিন্ন এলাকা থেকে দলে দলে মোটরসাইকেল শোভাযাত্রা নিয়ে পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় জড়ো হন তরুণরা। ঘণ্টাখানেকের মধ্যেই পাঁচ হাজারের বেশি বাইকারের মিলনমেলায় পরিণত হয় মহাসড়কের এই অংশটি।
এ সময় সবার মুখে মুখে স্লোগান ‘দাবি মোদের একটাই, কুমিল্লা নামে বিভাগ চাই।’ কারো হাতে, কারো বুকে জাতীয় পতাকা, কারো কণ্ঠে স্লোগান। মোটরসাইকেল শোভাযাত্রা রূপ নেয় রঙিন উৎসবে। মোটরসাইকেল শোভাযাত্রাকে স্বাগত জানিয়ে দোকানপাটের সামনে দাঁড়িয়ে একাত্মতা প্রকাশ করেন অনেকে।
শোভাযাত্রায় অংশ নেওয়া ইঞ্জিনিয়ার শিহাব উদ্দিন ও নুর মোহাম্মদ মজুমদার জানান, প্রাচীন সমতট অঞ্চলের রাজধানী ছিল কুমিল্লা। হাজার হাজার ঐতিহ্যে ভরা কুমিল্লা যখনই বিভাগের ঘোষণার দ্বারপ্রান্তে যায়, তখনই নানান মহল থেকে ষড়যন্ত্র শুরু হয়। নোয়াখালীসহ বৃহত্তর কুমিল্লার ছয়টি জেলার বিভিন্ন দপ্তরের ৪২টি আঞ্চলিক কার্যালয় কুমিল্লায় অবস্থিত। অবিলম্বে কুমিল্লা নামে বিভাগ দিতে হবে।