কুমিল্লা অফিস
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫ ১৯:৪৯ পিএম
কুমিল্লা বিভাগের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পাঁচ হাজারেরও অধিক মোটরসাইকেল নিয়ে বিশাল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৭ অক্টোবর) জুমার নামাজের পর কুমিল্লা শহরের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় হোটেল নূরজাহানের সামনে থেকে এই শোভাযাত্রা শুরু হয়।
শোভাযাত্রায় অংশ নিতে কুমিল্লা ও আশেপাশের বিভিন্ন উপজেলা ও জেলা থেকে তরুণরা মোটরসাইকেল নিয়ে জড়ো হন। ঘণ্টাখানেকের মধ্যে মহাসড়কের ওই অংশ রূপ নেয় বাইকারদের মিলনমেলায়। সবাই মিলে এক কণ্ঠে উচ্চারণ করেন— ‘দাবি মোদের একটাই, কুমিল্লার নামে বিভাগ চাই।’ অনেকেই জাতীয় পতাকা হাতে কিংবা বুকে ধারণ করে শোভাযাত্রায় অংশ নেন। বাইকারদের এই শোভাযাত্রা রূপ নেয় এক বর্ণিল উৎসবে। শোভাযাত্রাকে স্বাগত জানাতে পথচারী ও স্থানীয় দোকানদাররা দাড়িয়ে করতালি দেন এবং অনেকেই নিজ নিজ অবস্থান থেকে একাত্মতা প্রকাশ করেন।
শোভাযাত্রায় অংশ নেওয়া ইঞ্জিনিয়ার শিহাব উদ্দিন ও নুর মোহাম্মদ মজুমদার বলেন, প্রাচীন সমতট অঞ্চলের রাজধানী ছিল কুমিল্লা। এই ঐতিহাসিক জনপদের হাজার বছরের ঐতিহ্য রয়েছে। যখনই কুমিল্লা বিভাগের ঘোষণার দ্বারপ্রান্তে যায় তখনই নানান মহল থেকে ষড়যন্ত্র শুরু হয়।
তারা আরও জানান, বৃহত্তর কুমিল্লার অন্তর্গত নোয়াখালীসহ ৬টি জেলার বিভিন্ন দপ্তরের ৪২টি আঞ্চলিক কার্যালয় কুমিল্লায় অবস্থিত। প্রশাসনিক ও জনস্বার্থে অবিলম্বে কুমিল্লার নামে একটি পূর্ণাঙ্গ বিভাগ গঠন করার দাবি জানান তারা।