চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১৭ অক্টোবর ২০২৫ ১০:২৭ এএম
প্রবা ফটো
চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল (সিইপিজেড) এলাকার অ্যাডামস ক্যাপ এন্ড টেক্সটাইলে লাগা আগুন প্রায় সাড়ে ১৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে এসেছে। শুক্রবার (১৭ অক্টোবর) সকাল ৭টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।
ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানিয়েছেন, চিকিৎসায় ব্যবহৃত পোশাক ও সরঞ্জাম তৈরির এই কারখানায় প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে দীর্ঘ সময় লাগে। কারখানাটির দুই পাশ খোলা থাকলেও বাকি দুই পাশে অন্য কারখানা পাশাপাশি থাকায় ওই দুই দিকে নির্বাপনের কাজ করা কঠিন হয়ে পড়েছিল। তাই আগুন নিয়ন্ত্রণে বেশি সময় লেগেছে। আগুনে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধ্যার পর আগুন ক্রমে নিচতলায় পৌঁছে পুরো ভবনে ছড়িয়ে পড়ে। তীব্র উত্তাপে আশপাশের প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে পরিবেশ অসহনীয় হয়ে ওঠে। দুর্ঘটনা এড়াতে পুলিশ, সেনাবাহিনী ও শিল্প পুলিশের সদস্যরা ভবনটি ঘিরে নিরাপত্তা বলয় তৈরি করেন। আগুনের তীব্রতায় ভবনটি ধসে পড়ার আশঙ্কা দেখা দেয়। শেষ পর্যন্ত অষ্টম তলার কিছু অংশ ধসে পড়ে, তবে আগুন আশপাশের ভবনে ছড়িয়ে পড়েনি।
এর আগে বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টা ১০ মিনিটের দিকে সিইপিজেডের ১ নম্বর সেক্টরের ৫ নম্বর সড়কে অবস্থিত কারখানাটিতে আগুন লাগে। প্রথমে কারখানা ভবনটির সপ্তম তলায় আগুনের সূত্রপাত হয়, পরে তা দ্রুত ষষ্ঠ ও পঞ্চম তলায় ছড়িয়ে পড়ে। খবর পেয়ে প্রথমে ফায়ার সার্ভিসের ছয়টি স্টেশনের ১৫টি ইউনিট কাজ করলেও এখন ৮টি স্টেশনের ১৯টি ইউনিট কাজ করে।
শুরু থেকেই সিইপিজেডে অবস্থানরত সেনাবাহিনীর একটি টিম ফায়ার সার্ভিসের সঙ্গে যোগ দেয়। বিকাল সাড়ে ৫টার দিকে নৌবাহিনীর পাঁচটি ইউনিট এবং পরবর্তীতে বিমানবাহিনীর একটি ইউনিটও অংশ নেয়।