সাতক্ষীরা প্রতিবেদক
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫ ২১:৫৯ পিএম
আপডেট : ১৬ অক্টোবর ২০২৫ ২২:০১ পিএম
সাতক্ষীরায় এক নারী মাদক ব্যবসায়ীকে যাবজ্জীবন সশ্রম কারাদন্ড ও ২০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৬ মাসের কারাদন্ডাদেশ দিয়েছেন আদালত। দীর্ঘ দুই যুগ পর মাদক মামলায় তাকে সাজা দেয়া হয়।
অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক সাবিনা ইয়াসমিন বুধবার (১৫ অক্টোবর) দুপুরে জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন। তবে আসামি জামিনের পর থেকে পলাতক রয়েছেন।
সাজাপ্রাপ্ত আসামির নাম খাদিজা বেগম। তিনি সাতক্ষীরা সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের শহিদুল ইসলামের স্ত্রী।
মামলার বিবরণে জানা যায়, ২০০১ সালের ২১ সেপ্টেম্বর ভোরে শহরের নারিকেলতলা এলাকা থেকে ১১০ ভারতীয় ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী খাদিজা বেগমকে গ্রেপ্তার করে সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক কাজী হাবিবুর রহমান। ওই ঘটনায় মাদকদ্রব্য আইনে সাতক্ষীরা সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। পরবর্তীতে আসামি আদালত থেকে জামিন নিয়ে পালিয়ে যান।
মামলার তদন্তকারী কর্মকর্তা সদর থানার উপ-পরিদর্শক বেলায়েত হোসেন তদন্ত শেষে আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। বিচারক মামলার প্রয়োজনীয় নথিপত্র ও সাক্ষ্য পর্যালোচনার করে আসামি খাদিজা বেগমকে এই সাজা দেন।
সাতক্ষীরা জজ কোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট মো. মোস্তফা জামান,সাজার বিষয়টি নিশ্চিত করেন।