ফরিদপুর প্রতিনিধি
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫ ২০:৪৭ পিএম
ফরিদপুরকে দ্রুত বিভাগ ঘোষণার দাবিতে রাজপথে নেমেছে জেলার সর্বস্তরের মানুষ। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল সাড়ে ১০টায় প্রেসক্লাব চত্বরে জেলাবাসীর উদ্যোগে গণসমাবেশ ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়।
গণসমাবেশে বক্তব্য দেন- কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, জেলা বিএনপির সদস্য সচিব একে এম কিবরিয়া স্বপন, যুগ্ম সম্পাদক সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল, সদর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান বেনজিরআহমেদ তাবরিজ, জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ইমতিয়াজ উদ্দিন আহমেদ, খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা আমজাদ হোসেন, সাহিত্যিক মফিজ ইমাম মিলন, অধ্যাপক আলতাফ হোসেন, নগরকান্দা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মুফতি মোস্তাফিজুর রহমান, এনসিপির জেলা কমিটির সভাপতি কাজী রিয়াজ, জেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোজাম্মেল হোসেন মিঠু, মহানগর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সৈকত হাসান, বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সাধারণ সম্পাদক সোহেল রানাসহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতারা।
এ সময় বক্তারা হুশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে ফরিদপুরকে বিভাগ ঘোষণা না করা হলে কঠোর আন্দোলনে নামবেন তারা। পরে বিভাগ বাস্তবায়নসহ বিভিন্ন দাবি জানিয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন নেতারা।
অপরদিকে, গণসমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি প্রেসক্লাবের সামনে থেকে বের হয়ে নিলটুলী, আলীপুর মোড়, লাবলু সড়ক হয়ে সুপার মার্কেটের সামনে এসে শেষ হয়। গণসমাবেশ ও বিক্ষোভ মিছিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, শিক্ষক, সাংবাদিক, চিকিৎসক, শিক্ষার্থীসহ জেলার সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।