চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫ ১৮:৪৬ পিএম
আপডেট : ১৬ অক্টোবর ২০২৫ ২০:৫৪ পিএম
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জব্দ করা বিদেশি সিগারেট। প্রবা ফটো
চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ১৮ লাখ ৭৬ হাজার টাকার বিদেশি সিগারেট ও ৮টি স্মাটফোন জব্দ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকালে ওমানের মাস্কাট থেকে আসা সালাম এয়ারের দুই যাত্রীর কাছ থেকে এসব মালামাল উদ্ধার করা হয়।
বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জব্দ সিগারেট ও স্মার্টফোনের আনুমানিক বাজার মূল্য ২৩ লাখ ১৬ হাজার টাকা বলে তিনি জানান। এর মধ্যে ৫৩৬ কার্টন সিগারেটের আনুমানিক বাজার মূল্য ১৮ লাখ ৭৬ হাজার টাকা।
মোহাম্মদ ইব্রাহিম খলিল প্রতিদিনের বাংলাদেশকে জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় সালাম এয়ারের ‘OV401’ ফ্লাইটে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন রাউজানের বাসিন্দা দিলিপ দাশ ও ফটিকছড়ির মোহাম্মদ সেলিম। তাদের আচরণ সন্দেহজনক হওয়ায় বিমানবন্দরের কাস্টমস হলে নিয়ে ওই দুই যাত্রীর ব্যাগেজ তল্লাশি করা হয়। এ সময় মোহাম্মদ সেলিমের ব্যাগেজে ২৬৬ কার্টন সিগারেট ও ৪টি গুগল পিক্সেল স্মার্টফোন এবং দিলিপ দাশের কাছে ২৭০ কার্টন সিগারেট এবং ২টি গুগল পিক্সেল ও ২টি সনি এক্সপেরিয়া স্মার্টফোন পাওয়া যায়।
তিনি আরও বলেন, ব্যাগেজ বিধিমালা ২০২৫ এর আওতায় আমদানি নিয়ন্ত্রিত পণ্য এবং যাত্রী ফ্রিকোয়েন্ট ট্রাভেলার হওয়ায় ডিএম মূলে তাদের আটক করা হয়। আটক যাত্রীদের মৌখিকভাবে সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।