নিজস্ব প্রতিবেদক, বরিশাল
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫ ১৬:১৮ পিএম
আপডেট : ১৬ অক্টোবর ২০২৫ ১৬:২১ পিএম
প্রতিকী ছবি।
এইচএসসি পরীক্ষায় ফেল করায় বরিশালে নুসরাত জাহান নাসরিন নামে এক পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইমারজেন্সি ডা. আশিষ কুমার সাহা।
তিনি জানান, এইচএসসি পরীক্ষায় ফলাফল খারাপ হওয়ায় নুসরাত জাহান নাসরিন নামে এক পরীক্ষার্থী আত্মহত্যা করেছে। দুপুর ১২টার দিকে মেডিকেলে নিয়ে আসার পর তাকে মৃত ঘোষণা করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রশি দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন তিনি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এদিকে, এ ঘটনায় শোকের ছায়া নেমেছে নুসরাতের শিক্ষা প্রতিষ্ঠান বরিশাল মডেল স্কুল অ্যান্ড কলেজে। সহপাঠীর এমন মৃত্যু মেনে নিতে পারছেন না পরীক্ষার্থীরা।
বরিশাল বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, বিষয়টি খুবই দুঃখজনক। নুসরাত জাহান নাসরিন ফলাফল ভালো করেছেন, তবে তিনি হায়ার ম্যাথ বিষয়ে এমসিকিউতে ফেল করেছেন। রেজাল্ট পুনর্বিবেচনার আবেদন করতে পারতেন তিনি। এমন সিদ্ধান্ত নেয়াটা দুঃখজনক।
জানা গেছে, নুসরাত জাহান নাসরিনের বাড়ি বরগুনার আমতলীতে। তিনি স্থানীয় বশির মৃধার মেয়ে। বরিশালের ভাড়া বাসায় বড় বোন রাহাত আনোয়ার হাসপাতালের নার্স নাজনীনের সঙ্গে থাকতেন তিনি।