চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫ ১৬:০১ পিএম
আপডেট : ১৬ অক্টোবর ২০২৫ ১৯:১৬ পিএম
রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল সিইপিজেডে অবস্থিত আদম ক্যাপ অ্যন্ড টেক্সটাইল লিমিটেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টায় কারখানাটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি।
আদম ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড সিইপিজেডের ৫ নম্বর সড়কে অবস্থিত। সাত তলা বিশিষ্ট কারখানাটির চার তলা থেকে উপরের ফ্লোরগুলোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ঘটনাস্থলে যাওয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স চট্টগ্রামের উপসহকারী পরিচালক আব্দুল মান্নান প্রতিদিনের বাংলাদেশকে বলেন, দুপুর ২টা ১০ মিনিটে আমরা কারখানাটিতে অগ্নিকাণ্ডের খবর পাই। এরপর আমাদের ৬টি স্টেশনের ১৫টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। কারখানাটিতে বিভিন্ন ধরনের কাপড় থাকায় আগুনের ভয়াবহতা বেশি। তাই নিয়ন্ত্রণে আনতে আমাদের বেগ পেতে হচ্ছে।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কারখানাটিতে কিভাগে আগুনের সূত্রপাত ঘটে সেটি এখনও জানা যায়নি। নির্বাপন শেষে অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখা হবে।
সিএমপির ইপিজেড থানার ওসি মোহাম্মদ জামির হোসেন জিয়া বলেন, অ্যাডামস ক্যাপ অ্যান্ড টেক্সটাইল লিমিটেড নামের ওই কারখানার ৬ ও ৭ তলায় আগুন লেগেছে। প্রতিষ্ঠানটিতে চিকিৎসা সরঞ্জামও তৈরি করা হয়। মূলত জিনিসপত্র রাখার গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে কারখানাটির সংশ্লিষ্টরা জানিয়েছেন। ওইখানে লোকজন ছিল না বলে জেনেছি। যারা নিচের তলায় ছিলেন তারা বেরিয়ে এসেছেন। কেউ কেউ হুড়োহুড়ি করে নামতে গিয়ে সামান্য আহত হয়েছেন। তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বর্তমানে ফায়ার সার্ভিসের ১৭টি ইউনিট একসঙ্গে আগুন নিয়ন্ত্রণে কাজ করছেন। কীভাবে আগুন লেগেছে তা জানা যায়নি। হয়তো আগুন নিয়ন্ত্রণে আসার পর ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানতে পারবেন।