অফডকে কন্টেইনার হ্যান্ডলিং
হুমায়ুন মাসুদ, চট্টগ্রাম
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৫ ১৪:০৪ পিএম
ফাইল ফটো
আমদানি ও রপ্তানি পণ্যের কন্টেইনার হ্যান্ডলিংয়ে চট্টগ্রাম বন্দরের মতো ইতিবাচক ধারা অব্যাহত আছে বেসরকারি অফডকগুলোতেও। আগের বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের প্রথম ৯ মাসে বেসরকারি ডিপোগুলোতে কন্টেইনার হ্যান্ডলিং বেড়েছে ১ লাখ ২২ হাজার। ২০২৪ সালের প্রথম ৯ মাসে ১৯টি বেসরকারি কন্টেইনার ডিপোতে ৭ লাখ ৮ হাজার একক কন্টেইনার হ্যান্ডলিং হয়েছিল; চলতি বছরের সেপ্টেম্বর পর্যন্ত সেখানে হ্যান্ডলিং হয়েছে ৮ লাখ ৩০ হাজার ৩৬৫ একক কন্টেইনার। বাংলাদেশ ইনল্যান্ড কন্টেইনার ডিপো অ্যাসোসিয়েশন (বিকডা) সূত্রে এ তথ্য জানা গেছে।
ব্যবসায়ীরা বলছেন, প্রতিকূল পরিস্থিতির পরও চলতি বছর দেশের অর্থনীতিতে ইতিবাচক ধারা অব্যাহত আছে। তাই এবার আমদানি ও রপ্তানি দুই-ই বেড়েছে। বিশেষ করে দেশ থেকে পণ্য রপ্তানি বেড়ে যাওয়ায় অফডকগুলোতে চলতি বছরের প্রথম ৯ মাসে আগের বছরের একই সময়ের তুলনায় কন্টেইনার হ্যান্ডলিং বেড়েছে।
এ প্রসঙ্গে বিকডা মহাসচিব রুহুল আমিন সিকদার প্রতিদিনের বাংলাদেশকে বলেন, ‘দুটো কারণে আগের বছরের একই সময়ের তুলনায় চলতি বছরের প্রথম ৯ মাসে ডিপোগুলোতে কন্টেইনার ব্যবস্থাপনার হার বেড়েছে। এর একটি হচ্ছে এবার রপ্তানি বেড়েছে। পাশাপাশি এই বছর আমদানি পণ্য ভর্তি কন্টেইনার খালাসের পরিধিও বেড়েছে। আগে অফডকগুলোতে ৩৮ ধরনের পণ্য স্থানান্তর, অনস্টাফিং ও ডেলিভারির অনুমতি ছিল। কিন্তু চলতি অর্থবছর সেটি বাড়িয়ে ৬৫ ধরনের পণ্য স্থানান্তর, অনস্টাফিং ও ডেলিভারির অনুমতি দিয়েছে এনবিআর। নতুন পণ্য যুক্ত করায় আমদানি কন্টেইনার ব্যবস্থাপনাও বাড়ছে।’
বেসরকারি কন্টেইনার হ্যান্ডলিংয়ের চালচিত্র
বর্তমানে দেশে বেসরকারি কন্টেইনার ডিপো রয়েছে ১৯টি। ২০০৭ সালের আগে এসব ডিপোতে রপ্তানি কন্টেইনার আর খালি কন্টেইনার ব্যবস্থাপনা করা হতো। কিন্তু বর্তমানে রপ্তানি, আমদানি এবং খালি সব ধরনের কন্টেইনার ব্যবস্থাপনাই করা হয়। ২০০৭ সালে প্রথম রপ্তানি কন্টেইনারের পাশাপাশি সীমিত পরিসরে আমদানি কন্টেইনার ব্যবস্থাপনার অনুমতি দেয় এনবিআর। এরপর চলতি অর্থবছর পর্যন্ত ৩৫ ধরনের আমদানি পণ্য ভর্তি কন্টেইনার ব্যবস্থাপনার অনুমতি ছিল। চলতি অর্থবছরের জুলাই থেকে এখন পর্যন্ত ডিপোগুলোতে ৬৫ ধরনের আমদানি পণ্য ভর্তি কন্টেইনার ব্যবস্থাপনা করতে পারছে।
কন্টেইনার হ্যান্ডলিংয়ের তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, ৮ লাখ ৩০ হাজার ৩৬৫ একক কন্টেইনারের প্রায় ৫৯ দশমিক ৪৮ শতাংশ ম্যানেজমেন্ট করেছে পাঁচটি ডিপো। কেডিএস লজিস্টিকস লিমিটেড, পোর্টলিংক লজিস্টিকস সেন্টার লিমিটেড, সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড, ইস্পাহানি সামিট অ্যালায়েন্স টার্মিনাল লিমিটেড এবং ইনকনট্রেড লিমিটেড- এই পাঁচ ডিপোতে গত ৯ মাসে কন্টেইনার ম্যানেজমেন্ট হয়েছে ৪ লাখ ৯৩ হাজার ৯৩০ একক।
৫টি কন্টেইনার ডিপোর মধ্যে সবচেয়ে বেশি কন্টেইনার হ্যান্ডলিং করে তালিকার শীর্ষে রয়েছে কেডিএস লজিস্টিকস লিমিটেড। এই প্রতিষ্ঠানটির ডিপোতে চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ১ লাখ ২৬ হাজার ৪৯১ একক কন্টেইনার হ্যান্ডলিং হয়। এরপরই রয়েছে পোর্টলিংক লজিস্টিকস সেন্টার লিমিটেড। গেল ৯ মাসে প্রতিষ্ঠানটির ডিপোতে কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে ১ লাখ ১৬ হাজার ৫৬০ একক। কন্টেইনার হ্যান্ডলিংয়ের দিক থেকে তৃতীয় অবস্থানে রয়েছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড। চলতি বছরের প্রথম ৯ মাসে প্রতিষ্ঠানটির ডিপোতে কন্টেইনার হ্যান্ডলিং হয় ৯২ হাজার ৬৭০ একক। ৮০ হাজার ১২৯ একক কন্টেইনার হ্যান্ডলিং করে তালিকার চতুর্থ নম্বরে রয়েছে ইস্পাহানি সামিট অ্যালায়েন্স টার্মিনাল লিমিটেড। এরপর পঞ্চম স্থানে রয়েছে ইনকনট্রেড লিমিটেড। গত ৯ মাসে আমদানি-রপ্তানি মিলে প্রতিষ্ঠানটির ডিপোতে কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে ৭৮ হাজার ৮০ একক।
কন্টেইনার হ্যান্ডলিং- আমদানি বনাম রপ্তানি পণ্য
এদিকে আমদানি-রপ্তানি মিলে শীর্ষ অবস্থানে কেডিএস লজিস্টিকস থাকলেও আমদানি পণ্যের কন্টেইনার এবং রপ্তানি পণ্যের কন্টেইনার হ্যান্ডলিং আলাদা করে দেখলে দেখা যায় রপ্তানি পণ্যের কন্টেইনার ম্যানেজমেন্টে কেডিএস লজিস্টিকস লিমিটেড শীর্ষে থাকলেও আমদানি পণ্যের কন্টেইনার ম্যানেজমেন্টে শীর্ষে আছে পোর্টলিংক লজিস্টিকস সেন্টার লিমিটেড।
আমদানি পণ্যের কন্টেইনার হ্যান্ডলিং পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, ৪৭ হাজার ৬৩৯ একক আমদানি পণ্যের কন্টেইনার হ্যান্ডলিং করে ১৯টি ডিপোর মধ্যে এই তালিকার শীর্ষে রয়েছে পোর্টলিংক লজিস্টিকস সেন্টার লিমিটেড। এই তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে কেডিএস লজিস্টিকস লিমিটেড। প্রতিষ্ঠানটি গত ৯ মাসে ৩৩ হাজার ৯৬ একক আমদানি পণ্যের কন্টেইনার হ্যান্ডলিং করেছে। আমদানি পণ্যের কন্টেইনার হ্যান্ডলিংয়ে তৃতীয় শীর্ষস্থানে রয়েছে ইনকনট্রেড লিমিটেড। গত ৯ মাসে প্রতিষ্ঠানটির ডিপোতে আমদানি পণ্যের কন্টেইনার হ্যান্ডলিং হয় ১৯ হাজার ৬৬৬ একক। চতুর্থ স্থানে রয়েছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড। প্রতিষ্ঠানটির ডিপোতে আমদানি পণ্যের কন্টেইনার ম্যানেজমেন্ট হয়েছে ১৯ হাজার ৪৭৩ একক। আমদানি পণ্যের ১৪ হাজার ২৮ একক কন্টেইনার হ্যান্ডলিং করে পঞ্চম স্থানে রয়েছে ইস্পাহানি সামিট অ্যালায়েন্স টার্মিনাল লিমিটেড।
অন্যদিকে রপ্তানি পণ্যের কন্টেইনার হ্যান্ডলিংয়ের দিক থেকে তালিকার শীর্ষে রয়েছে কেডিএস লজিস্টিকস লিমিটেড। গত নয় মাসে প্রতিষ্ঠানটির ডিপোতে ৯৩ হাজার ৩৯৫ একক রপ্তানি পণ্যের কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে। এরপর দ্বিতীয় স্থানে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেড। প্রতিষ্ঠানটির ডিপোতে রপ্তানি পণ্যের কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে ৭৩ হাজার ১৯৭ একক। ৬৮ হাজার ৯০১ একক রপ্তানি পণ্যের কন্টেইনার হ্যান্ডলিং করে তালিকায় তৃতীয় স্থানে রয়েছে পোর্টলিংক লজিস্টিকস সেন্টার লিমিটেড। চতুর্থ স্থানে ইস্পাহানি সামিট অ্যালায়েন্স টার্মিনাল লিমিটেড। গত ৯ মাসে প্রতিষ্ঠানটির ডিপোতে রপ্তানি পণ্যের কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে ৬৬ হাজার ১০১ একক। তালিকায় পঞ্চম স্থানে রয়েছে ইনকনট্রেড লিমিটেড। প্রতিষ্ঠানটির ডিপোতে রপ্তানি পণ্যের কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে ৫৮ হাজার ৪১৪ একক।