গলাচিপা (পটুয়াখালী) প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫ ২৩:৩৯ পিএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৫ ২৩:৩৯ পিএম
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। প্রবা ফটো
গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর বলেছেন, জুলাই বিপ্লবের পর নতুন বাংলাদেশ গড়তে হলে আমাদের চিন্তাধারায় পরিবর্তন আনতে হবে। রাজনৈতিক পেশিশক্তি ও কালো টাকার প্রভাব থেকে মুক্ত করতে বাংলাদেশে পিআর (সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব) পদ্ধতিতে নির্বাচন জরুরি। তিনি বলেন, এতে যে দল যত শতাংশ ভোট পাবে, সংসদে সেই অনুপাতে আসন পাবে। এতে এককভাবে কোনো দলের মাতবরী থাকবে না, বরং জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব নিশ্চিত হবে।
বুধবার (১৫ অক্টোবর) বিকাল ৪টায় পটুয়াখালীর গলাচিপা পৌর মঞ্চে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নুরুল হক নুর বলেন, এখন আর সেই দিন নেই, যখন দিনের ভোট রাতে হয়ে যেত, কিংবা অন্যের হয়ে ভোট দেওয়া হতো। মানুষ এখন পরিবর্তন চায়।
তিনি চলমান শিক্ষক আন্দোলনের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বলেন, শিক্ষকদের বেতন-ভাতা সর্বোচ্চ পর্যায়ে বাড়ানো উচিত। শিক্ষকরা দেশের প্রথম শ্রেণির নাগরিক, তাদের সম্মান ও প্রাপ্যতা নিশ্চিত করতে হবে। তিনি আরও বলেন, আমরা চাই দুর্নীতি বন্ধ হোক। সরকারি অফিসে সততার পরিবেশ গড়ে তুলতে হলে কর্মকর্তাদের ন্যায্য বেতন দিতে হবে। তাহলেই ঘুষের প্রবণতা কমবে।
সভায় সভাপতিত্ব করেন গণঅধিকার পরিষদ গলাচিপা উপজেলা শাখার আহ্বায়ক আলহাজ্ব মো. হাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় উচ্চতর পরিষদের সদস্য শহিদুল ইসলাম ফাহিম, মো. রবিউল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক শহিদুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সদস্য আবু নাঈম, বরিশাল বিভাগীয় সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রাসেল, পটুয়াখালী জেলা আহ্বায়ক মো. নজরুল ইসলাম লিটু ও সদস্য সচিব শাহ আলম সিকদার।
এছাড়া উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা সদস্য সচিব জাকির হোসেন মুন্সি, পৌর আহ্বায়ক মো. লিটন মাতুব্বর, দশমিনা উপজেলা আহ্বায়ক লিয়ার হোসেন ও সদস্য সচিব মিলন মিয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা যুগ্ম আহ্বায়ক মাহাবুবুর রহমান শোয়েব মাস্টার, ছাত্র অধিকার পরিষদের সদস্য মহিবুল্লাহ এনিম ও পৌর সদস্য সচিব রেজাউল হাওলাদার।
সভায় বক্তারা বলেন, দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও নাগরিক অধিকার প্রতিষ্ঠায় গণঅধিকার পরিষদ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সাধারণ মানুষের অধিকার আদায়ে আন্দোলনকে আরও বেগবান করতে হবে।
পটুয়াখালীতে পাঁচ দিনের সফরের অংশ হিসেবে নুরুল হক নুর গলাচিপা ও দশমিনার বিভিন্ন স্থানে পথসভা করেছেন। বৃহস্পতিবার তিনি চরবিশ্বাসে পথসভা শেষে শুক্রবার ঢাকায় ফেরার কথা রয়েছে।