মাধবপুর (হবিগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫ ২০:০৭ পিএম
হবিগঞ্জের মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের গাজীপুর গ্রামে আদালতের নির্দেশে শিশু উদ্ধারের সময় পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে গাজীপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
আহত পুলিশ সদস্যরা হলেন-এসআই মিজানুর রহমান, কনস্টেবল শরীফ আহমেদ, শাহেদ আহমেদ ও সুজন কান্তি। আহতরা মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মনিকা পাল জানান, আহতদের মাথা ও হাতে আঘাতের চিহ্ন রয়েছে, তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানান, গাজীপুর গ্রামের আকিল মিয়া ও তার সাবেক স্ত্রী নাজমা আক্তার দীপ্তির মধ্যে বিবাহবিচ্ছেদের পর সন্তান অভিভাবকত্ব নিয়ে বিরোধ দেখা দেয়। সন্তান উদ্ধারের জন্য দীপ্তি আদালতে ১০০ ধারায় মামলা করেন। আদালতের নির্দেশে বুধবার দুপুরে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই মিজানুর রহমান শিশুটিকে উদ্ধারে গেলে আকিল মিয়া ও তার পরিবারের সঙ্গে কথাকাটাকাটির একপর্যায়ে তারা পুলিশের ওপর হামলা চালায়। এ সময় এসআই মিজানুর রহমানসহ চার পুলিশ সদস্য আহত হন। পরে সহকর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।
এসআই মিজানুর রহমান বলেন, আদালতের নির্দেশ পালন করতে গিয়ে আমাদের ওপর বেআইনিভাবে হামলা করা হয়েছে।
মাধবপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ উল্যাহ স্বচ্ছতা বলেন, আহত পুলিশ সদস্যদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে দুটি শিশুকে উদ্ধার করা হয়েছে। পুলিশের ওপর হামলার ঘটনায় গাজীপুর গ্রামের ইউনুস আলীর ছেলে শ্যামল মিয়া (৩৫) ও বানিয়াচং উপজেলার জাতি কর্ণপাড়া গ্রামের মজিবুর রহমান (বর্তমানে গাজীপুরে বসবাসরত) কে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।