গাজীপুর প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫ ১৬:৪৩ পিএম
২০০৯ সালে ঢাকার পিলখানায় বিডিআর বিদ্রোহের ঘটনায় হত্যাকাণ্ড ও বিস্ফোরক আইনের মামলায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে নয়জন মুক্তি পেয়েছেন। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে তাদের কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২ এর সিনিয়র জেল সুপার আল মামুন বলেন, নয়জনকে মুক্তি দেওয়া হয়েছে এবং আরো চারজনের জামিনের কাগজপত্র যাচাই শেষে বিকালেই মুক্তি দেওয়া হবে।
কারা কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় বিডিআর হত্যাকাণ্ডে দায়ের হওয়া বিস্ফোরক আইনের মামলায় কারাবন্দি নয়জনের জামিনের কাগজপত্র মঙ্গলবার রাতে কারাগারে পৌঁছায়। পরে তা যাচাই-বাছাই করা হয়। যাচাই-বাছাই শেষে নয়জনকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়েছে।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর সিনিয়র জেল সুপার আল মামুন জানান, ওই মামলায় আরো চারজনের জামিনের কাগজপত্র কারাগারে এসেছে। কাগজপত্র যাচাই-বাছাই করা হচ্ছে। সবকিছু ঠিক থাকলে আজ (বুধবার) তাদের চারজনকেও কারামুক্তি দেওয়া হবে।