পাইকগাছা (খুলনা) প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫ ১৬:২৮ পিএম
খুলনার পাইকগাছায় গত এক বছরে ৭৯ সড়ক দুর্ঘটনায় ১৫ জন প্রাণ হারিয়েছেন। আহত হয়েছেন ৫৮ জন। বুধবার (১৫ অক্টোবর) সকালে সড়ক দুর্ঘটনার এমন চিত্র তুলে ধরেন নিরাপদ সড়ক চাই (নিসচা) পাইকগাছা উপজেলা শাখার উপদেষ্টা অধ্যক্ষ হাবিবুল্লাহ বাহার।
ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতি কার্যালয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবস সামনে রেখে নিসচার পক্ষ থেকে ২০২৪ সালের নভেম্বর থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত এক বছরের প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রতিবেদনে সড়ক দুর্ঘটনার কারণ হিসেবে সুষ্ঠু ব্যবস্থাপনা ও মনিটরিংয়ের অভাব, বেপরোয়া গাড়ি চালানো, লাইসেন্সবিহীন চালক নিয়োগ, ফিটনেসবিহীন গাড়ি ব্যবহার, বিরতি ছাড়া দীর্ঘ সময় একটানা গাড়ি চালানো, সড়কের বেহাল অবস্থা, চালক এবং পথচারীদের মধ্যে আইন না মানার প্রবণতাসহ বিভিন্ন বিষয় উল্লেখ করা হয়েছে।
নিসচার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ১ নভেম্বর চেচুয়ার তারক বিশ্বাসের ছেলে তমাল বিশ্বাস (২২), ৭ ডিসেম্বর কাজীমুছার জহুর হালদারের মেয়ে সেলিনা বেগম (৪৫), ৩১ ডিসেম্বর মধুখালি গ্রামের কবিতা মণ্ডল (৫৯), ৯ জানুয়ারি ২০২৫ হরিঢালীর সোহরাব বিশ্বাসের ছেলে হাবিবুর রহমান ঝন্টু(৪০), ১৩ জানুয়ারি আগড়ঘাটার শেখ আবুল হোসেনের ছেলে রুহুল আমিন (৩০), ১২ এপ্রিল হরিদাসকাটীর প্রভাষক নিত্যানন্দ দাশ, ২১ এপ্রিল পুরাইকাটী গ্রামের মৃত মাদার সরদারের ছেলে বিজিবি কর্মকর্তা (অব) আমজাদ হোসেন (৭০), ২৩ এপ্রিল বিরাশী গ্রামের মুছা গাজী (৫৫), ২৫ নভেম্বর কপিলমুনির ব্যবসায়ী অপূর্ব সাধুর স্ত্রী রীতা সাধু (৩২) ও তার ছেলে সৌরভ সাধু (০৫), পহেলা মে মটবাটিয়া গ্রামের ফিরোজ মোড়ল (২৭), ১৪ মে পাইকগাছার সুবোধ, ২০ জুলাই বোরহানপুরের মৃত মনু গাজীর ছেলে মোকছেদ গাজী ও ১১ সেপ্টেম্বর আগড়ঘাটার মফিজুল ইসলামের ছেলে মোস্তাফিজ (১৭) সড়ক দুর্ঘটনায় নিহত হন।
নিসচার পক্ষ থেকে সড়ক দুর্ঘটনা রোধে সড়ক পরিবহন আইন যথাযথ বাস্তবায়ন, ট্রাফিক আইন মানা, নিরাপদ সড়ক নিশ্চিত করা, বাধ্যতামূলক হেলমেট ব্যবহারসহ সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। অনুষ্ঠানে লন্ডনে চিকিৎসাধীন নিসচার প্রতিষ্ঠিতা চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের দ্রুত সুস্থতা কামনা করা হয়।
নিসচা উপজেলা শাখার সভাপতি এইচ এম শফিউল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইলিয়াস হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ষোলআনা ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি জিএম শুকুরুজ্জামান, নিসচার সিনিয়র সহসভাপতি সাংবাদিক মো. আব্দুল আজিজ, সাংবাদিক জিএম মিজানুর রহমান, এসএম আলাউদ্দিন সোহাগ, যুবদল নেতা আবু হুরায়রা বাদশা, চিকিৎসক সিরাজুল ইসলাম ও কাজী ফারহানা আফরোজ।