মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫ ১৪:৫০ পিএম
চাঁদপুরের মতলব দক্ষিণে চাঁদা না পেয়ে চলাচলের পুরনো একটি রাস্তা বেড়া দিয়ে বন্ধ করে দিয়েছেন স্থানীয় এক বিএনপি নেতা। এতে অবরুদ্ধ হয়ে পড়েছে শতাধিক হতদরিদ্র পরিবার।
ওই বিএনপির নেতার নাম নুরুজ্জামান বেপারী। তিনি পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক।
এদিকে, মঙ্গলবার (১৪ অক্টোবর) রাস্তাটি খুলে দেওয়ার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন উপজেলার নারায়ণপুর পৌরসভার সারপাড় এলাকার স্কুল-কলেজের
শিক্ষার্থীসহ ভুক্তভোগী পরিবার। এ সময় রাস্তা বন্ধের প্রতিবাদ করায় প্রতিপক্ষের লোকজনকে মারধরের অভিযোগও উঠেছে ওই নেতার বিরুদ্ধে।
এ বিষয়ে প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ করেছেন ভূক্তভোগী স্বপন প্রধান।
অভিযোগ সূত্রে জানা যায়, শনিবার (১১ অক্টোবর) নারায়ণপুর পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান বেপারীর জায়গার ওপর নির্মিত সরকারি রাস্তা দিয়ে চলাচল করতে হলে তাকে চার লাখ টাকা চাঁদা দিতে হবে। ভুক্তভোগীরা চাঁদা দিতে অস্বীকৃতি জানালে নুরুজ্জামান বেপারীর নেতৃত্বে অন্যরা রাস্তাটি রবিবার বন্ধ করে দেয়। এ সময় ভুক্তভোগীরা বাধা দিতে গেলে তাদের মারধর করা হয়। এতে মুন্সি বাড়ির আমেনা বেগম (৪০), আমিন (৩৫), জসিম (৩৮), মোহাম্মদ (৪০) আহত হন।
ভুক্তভোগী পরিবারের একাধিক নারী জানান, তিন দিন হলো বাচ্চাদের বিদ্যালয়ে পাঠাতে পারছি না। আমরা চাঁদা দিতে পারিনি বলে মারধর করে রাস্তাটি বন্ধ করে দিয়েছে।
একাধিক শিক্ষার্থী জানায়, রাস্তা বন্ধ করে দেয়ায় আমরা তিন দিন স্কুলে যাইতে পারতেছিনা। এ রাস্তা ছাড়া অন্য রাস্তা দিয়া স্কুলে যেতে অনেক সময় লাগে। আমাদের স্কুলে যাওয়ার জন্য রাস্তাটি খুলে দেয়া হোক।
এ বিষয়ে নারায়ণপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক নুরুজ্জামান বেপারী বলেন, ওই বাড়ির লোকজনের চুরি বিষয়ে সংঘর্ষ এড়াতে রাস্তাটি বন্ধ করে দেয়া হয়েছে।
মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আমজাদ হোসেন জানান, রাস্তা বন্ধের বিষয়ে অভিযোগ পেয়েছি। দুপক্ষকে আমার কার্যালয়ে ডেকেছি। তাদের কথা শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।