পাবনা প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫ ১৩:১৭ পিএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৫ ১৩:১৮ পিএম
দেশের জনপ্রিয় পানীয় স্পিডের আদলে পাবনায় তৈরি হতো নকল ও ক্ষতিকর পানীয় স্পাইডার। এমন একটি কারখানায় অভিযান চালিয়ে ৫০ হাজার টাকা জরিমানা ও পণ্য ধ্বংস করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (১৫ অক্টোবর) দুপুরে পাবনা পৌর এলাকার দক্ষিণ রাঘবপুরের লাভলী ফুড ইন্ড্রাসটিজের কারখানায় এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি।
তিনি জানান, বিএসটিআই’র অনুমোদনহীন পণ্য তৈরি ও বাজারজাত করণের অভিযোগে এই অভিযান চালানো হয়। অভিযানে স্পিডের আদলে তৈরি নকল ও ক্ষতিকর স্পাইডার পানীয় পাওয়া যায়। তারা অত্যন্ত গোপনে এই পণ্যগুলো উৎপাদন করত। এ সময় কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা এবং বিপুল পরিমাণ পণ্য ধ্বংস করা হয়েছে। এ ধরনের পণ্য আর উৎপাদন করবে না বলেও মুচলেকা দিয়েছে কারাখানার মালিক। এর পরেও এমন পণ্য তৈরি করলে আরও কঠোর ব্যবস্থা নেয়া হবে।
অভিযানে এনএসআই ও ক্যাব সদস্যসহ জেলা পাবনা জেলা আনসার ব্যাটেলিয়নের একটি দল সহযোগিতা করেন। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।