হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫ ১২:১২ পিএম
চট্টগ্রামের হাটহাজারীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে গুরুতর আহত ছাত্রদল কর্মী তানিম (২০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এর আগে মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে একই ঘটনায় প্রাণ হারান চিকনদণ্ডী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি অপু দাশ।
বুধবার (১৫ অক্টোবর) হাটহাজারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়া বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহত তানিম উপজেলার ৩ নম্বর মির্জাপুর ইউনিয়নের সরকার হাটের চৌধুরী বাড়ির জাহাঙ্গীর আলমের ছেলে।
জানা গেছে, বুধবার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তামিমের মৃত্যু হয়।
ওসি মনজুর কাদের ভূঁইয়া আরও জানান, মঙ্গলবার রাত সাড়ে ৯টায় চৌধুরীহাটের দাতারাম সড়ক এলাকার কয়েকজন দুর্বৃত্ত ছাত্রদল সভাপতি অপু দাশ ও তানিমকে এলাপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে দুজনকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যান।
পরে তাদের চমেক হাসপাতালের জরুনি বিভাগে নেয়া হলে দায়িত্বরত চিকিৎসক অপু দাশকে মৃত ঘোষণা করেন এবং তানিমকে আইসিইউতে ভর্তি করা হয়। আজ আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তামিম মারা যান।