মা ইলিশ রক্ষা অভিযান
সদরপুর (ফরিদপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫ ১১:২৪ এএম
আপডেট : ১৫ অক্টোবর ২০২৫ ১১:২৫ এএম
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ফরিদপুরের সদরপুর উপজেলার পদ্মা নদীতে মা ইলিশ ধরার সময় ২২ জেলেকে আটক করা হয়েছে। এ সময় ৫০ হাজার মিটার কারেন্ট জাল ও ২০ কেজি ইলিশ জব্দসহ করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইনে আটকদের ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়েছে।
বুধবার (১৫ অক্টোবর) ভোরে সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও অ্যাক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা এ অভিযান পরিচালনা করেন।
জানা যায়, নদী ও সমুদ্রে মা ইলিশ রক্ষায় সরকারি ২২ দিনের নিষেধাজ্ঞার ১২তম দিনে বুধবার ভোরে পদ্মা নদীর বিভিন্ন পয়েন্টে যৌথভাবে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে জাল রেখে অনেক জেলে পালিয়ে গেলেও ২২ জনকে আটক করে সাজা দেওয়া হয়। পরে জব্দ করা মাছ স্থানীয় পূব শ্যামপুর ও দশহাজার মাদ্রাসায় বিতরণ করা হয়। এছাড়া ৫০ হাজার মিটার কারেন্ট জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

সদরপুর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. মেহেদী হাসান বলেন, প্রাকৃতিক সম্পদ রক্ষায় আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এই ২২ দিন ইলিশ আহরণ, ক্রয়-বিক্রয়, পরিবহন ও সংরক্ষণ সম্পূর্ণ নিষিদ্ধ। এ সময় যাতে কোনো অসাধু জেলে নদীতে মাছ ধরতে না পারে সেজন্য আগামী ২৫ অক্টোবর পর্যন্ত আমাদের তৎপরতা থাকবে। ইলিশের উৎপাদন বাড়াতে গত ৪ অক্টোবর থেকে আগামী ২৫ অক্টোবর পর্যন্ত নদী ও সমুদ্রে মাছ ধরায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকিয়া সুলতানা বলেন, মৎস্য বিভাগের সঙ্গে সমন্বয় করে আরও অভিযান পরিচালনা করা হবে। ইলিশ সংরক্ষণে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
এর আগে গত ৬ অক্টোবর ইউএনও অভিযান চালিয়ে ৩ জেলেকে জেল-জরিমানা এবং ১৩ অক্টোবর একই অপরাধে আরও ৭ জেলেকে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদানসহ ৫ হাজার মিটার কারেন্ট জাল ধ্বংস করেন।