হাটহাজারী (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৫ ০৯:৩৫ এএম
চট্টগ্রামের হাটহাজারীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে অপু দাশ (২৬) নামে এক ছাত্রদল নেতা খুন হয়েছেন। এছাড়া তার সঙ্গে থাকা আরও একজন আহত হয়েছেন। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চৌধুরীহাট বাজারের দাতারাম সড়কে এ ঘটনা ঘটে।
নিহত অপু দাশ উপজেলার চিকনদন্ডী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মিন্টু দাসের ছেলে এবং একই ইউনিয়ন ছাত্রদলের সভাপতি ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে চৌধুরীহাট বাজারে হঠাৎ একদল যুবক অপু দাশসহ দুইজনের ওপর হামলা চালান। কিছু বুঝে ওঠার আগেই তাদের এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যান দুর্বৃত্তরা। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক অপু দাশকে মৃত ঘোষণা করেন।
হাটহাজারী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভুঁইয়া জানান এ ঘটনায় আফসার উদ্দিন(১৮) নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তবে হামলার কারণ জানা যায়নি।