চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫ ২০:৩৮ পিএম
চট্টগ্রামের ফটিকছড়ির মাইজভাণ্ডার দরবার শরীফের আধ্যাত্মিক সাধক, আওলাদে রাসুল (স.) হযরত গাউছুল আজম শাহছুফি মাওলানা সৈয়দ গোলামুর রহমান প্রকাশ বাবা ভাণ্ডারী (ক.)'র ১৬৩তম খোশরোজ শরীফ সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় মাইজভাণ্ডার দরবার শরীফের গাউছিয়া রহমান মঞ্জিল ও আশেকানে মাইজভাণ্ডারী অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই খোশরোজ সম্পন্ন হয়।
তিন দিনব্যাপী এই খোশরোজ শরীফে দেশ-বিদেশের লক্ষাধিক ভক্ত-আশেকানের সমাগম ঘটে। লোকে লোকারণ্য হয়ে উঠেছিল দরবারসহ আশপাশের এলাকা।
খোশরোজে আসা ভক্ত ও আশেকানরা দরবার শরীফের সকল রওজা জেয়ারতের মাধ্যমে নিজ নিজ মনোবাসনা পূরনের জন্য কোরআন তেলওয়াত ও জিকিরের মাধ্যমে মহান রাব্বুল আলামীনের প্রার্থনায় মশগুল ছিলেন।
গাউছিয়া রহমান মঞ্জিল ও আশেকানে মাইজভাণ্ডারী অ্যাসোসিয়েশনের স্বেচ্ছাসেবকদের ব্যাপক নিরাপত্তা ব্যবস্থায় কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই লাখ লাখ ভক্তের অংশগ্রহণে খোশরোজ শরীফ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
সমাপনী দিনে ভক্তদের সঙ্গে নিয়ে আছরের নামাজের পর সার্বিক কল্যান সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন শাহছুফি মাওলানা সৈয়দ মুজিবুল বশর আল-মাইজভাণ্ডারী।