শ্রীপুর (গাজীপুর) প্রতিবেদক
প্রকাশ : ১৪ অক্টোবর ২০২৫ ১০:০৮ এএম
গাজীপুরের কাপাসিয়ায় ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে বিচারকের গাড়িতে হামলা করে ভাংচুর চালিয়েছে স্থানীয় উত্তেজিত জনতা। এ ঘটনায় রাতেই মামলা রুজু হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে গ্রেপ্তার করেছে।
সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বারিষাব ইউনিয়নের নয়ানগর গ্রামে মেসার্স জমজম ট্রেডার্সে (মিনি পেট্রোল পাম্প) এ ঘটনা ঘটে। কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রব বিষয়টি নিশ্চিত করেছেন।
পদ্মা অয়েল পাম্পের ব্যবস্থাপক (ম্যানেজার) মোহাম্মদ সালাহ উদ্দিন আহমেদ বলেন, বিভিন্ন পেট্রোল পাম্পে ভ্রাম্যমান আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করছিল বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)। এসময় মেসার্স জমজম ট্রেডার্সে (মিনি পেট্রোল পাম্প) ভ্রাম্যমান আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট সিমল সরকারের গাড়িতে হামলা করে স্থানীয় উত্তেজিত জনতা। তারা ভুয়া ম্যাজিস্ট্রেট ও ভুয়া পুলিশ স্লোগান দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে। এক পর্যায়ে তারা ইটপাটকেল নিক্ষেপ করে ভ্রাম্যমান আদালতের বিচারকের ব্যবহৃত মাইক্রোবাসে হামলা চালায়। তারা গাড়ির সামনের ও পাশের গ্লাস ভেঙ্গে ফেলে। খবর পেয়ে কাপাসিয়া থানা থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
ভ্রাম্যমান আদালত পরিচালনার সময় মেসার্স জমজম ট্রেডার্স (মিনি পেট্রোল পাম্প) থেকে ৫০ লিটার পেট্রোল জব্দ করা হয় এবং পাম্প মালিককে পাম্পের সঠিক কাগজপত্র ১০ দিনের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দেন বিচারক।
মেসার্স জমজম ট্রেডার্সের (মিনি পেট্রোল পাম্প) মালিক মোতাহার হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রব বলেন, কাপাসিয়ায় ভ্রাম্যমান আদালতের (মোবাইল কোর্ট) অভিযান পরিচালনার সময় বিচারকের (নির্বাহী ম্যাজিস্ট্রেট) গাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটেছে। ঘটনাস্থল থেকে ফারুক মিয়া নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় রাতেই বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের (বিপিসি) এক কর্মকর্তা বাদী হয়ে মামলা দায়ের করেন। তাকে আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) গাজীপুর আদালতে পাঠানো হবে।