× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাংবাদিকের ওপর হামলায় সিএমপির সেই ডিসিকে প্রত্যাহারের দাবি

চট্টগ্রাম অফিস

প্রকাশ : ১৩ অক্টোবর ২০২৫ ২৩:২৮ পিএম

সাংবাদিকের ওপর হামলায় সিএমপির সেই ডিসিকে প্রত্যাহারের দাবি

চট্টগ্রাম নগরীর খুলশী থানার ভেতরে পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি জার্নালিজম অ্যালামনাই অ্যাসোসিয়েশনের (পিজা) সদস্য এবং যমুনা টেলিভিশন চট্টগ্রাম ব্যুরোর স্টাফ রিপোর্টার জোবায়েদ ইবনে শাহাদাত ও ক্যামেরা জার্নালিস্ট আসাদুজ্জামান লিমনের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৩ অক্টোবর) বিকালে নগরীর চেরাগী পাহাড় চত্বরে আয়োজিত এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ থেকে বক্তারা চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) উত্তর জোনের ডিসি আমিরুল ইসলামকে প্রত্যাহার ও তার বিচার দাবি করেছেন।

পিজার সভাপতি ইমরান বিন ছবুরের সভাপতিত্বে ও সংগঠনের সদস্য হামিদ উদ্দিনের সঞ্চালনায় সমাবেশে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুর শুভ বলেন, খুলশী থানায় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে যমুনা টিভির স্টাফ রিপোর্টার জোবায়েদ ইবনে শাহাদাত ও ক্যামেরা জার্নালিস্ট আসাদুজ্জামান লিমনের ওপর সিএমপি উত্তর জোনের ডিসি আমিরুল ইসলামের হামলা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই পুলিশ প্রশাসন বারবার আমাদের সাংবাদিক সহযোদ্ধাদের প্রতি যে বর্বর ঘৃণ্য আচরণ করে যাচ্ছেÑ তা অবিলম্বে বন্ধ করতে হবে। শুধু তাই নয়, এই পুলিশ কর্মকর্তাকে অবিলম্বে দায়িত্ব থেকে প্রত্যাহার করে তার বিরুদ্ধে আইনি ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে।

পিজার সভাপতি ইমরান বিন ছবুর বলেন, ৫ আগস্ট-পরবর্তী সময়ে যখন পুলিশের ভাবমূর্তি একদম তলানিতে ছিল, তখন তারা মুখ দেখাতে পারছিল না। তখন তাদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল আমাদের সংবাদকর্মীরা। আর এখন তারাই আমাদের এই সহযোদ্ধাদের ওপর হামলা করছে। অবিলম্বে এই পুলিশ কর্মকর্তা আমিরুল ইসলামকে প্রত্যাহার করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া না হলে আমাদের আন্দোলন চলমান থাকবে।

পিজার সিনিয়র সহসভাপতি তাপস বড়ুয়া বলেন, সাংবাদিকরা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তারা সমাজের সত্য তুলে ধরেন, অন্যায়ের বিরুদ্ধে কলম ধরেন। অথচ সেই সাংবাদিকদেরই যদি হয়রানি, মারধর বা ভয় দেখানো হয়Ñ তাহলে জনগণের অধিকার কোথায় নিরাপদ থাকবে? আমাদের যমুনা টেলিভিশনের দুই সহযোদ্ধার ওপর পুলিশি হামলার বিচার না হলে আরও কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব।

সমাবেশে আরও বক্তব্য রাখেন ইব্রাহীম জুলহাজ নীল, নাহিদুল ইসলাম ইমন, রবিন দাস গুপ্ত, প্রান্ত চৌধুরী, আরিফুল ইসলাম তামিম, ও হাসিবুল আলম প্রমুখ। এ ছাড়া সমাবেশে উপস্থিত থেকে সংহতি প্রকাশ করেন সিইউজের সাংগঠনিক সম্পাদক সুবল বড়ুয়া, পিজার কার্যনির্বাহী কমিটির সাধারণ সম্পাদক সারোয়ার আহমদ, সহসভাপতি মিশু পাল প্রমুখ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা