কক্সবাজার অফিস
প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২২ ১৪:৫০ পিএম
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২২ ১৫:১২ পিএম
পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও টইটং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শহিদুল্লাহ। ছবি : সংগৃহীত
কক্সবাজারের পেকুয়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে বিজয় দিবসের শ্রদ্ধা জানিয়ে ফেরার পথে হৃদরোগে আক্রান্ত আওয়ামী লীগের সভাপতি ও টইটং ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. শহিদুল্লাহর মৃত্যু হয়েছে (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পেকুয়া কেন্দ্রীয় শহীদ মিনারে আওয়ামী লীগের পক্ষে পুষ্পস্তবক অর্পণ শেষে ফেরার পথে শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৬টায় তিনি হৃদরোগে আক্রান্ত হন। পরে প্রথমে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়। সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ফরহাদ ইকবাল প্রতিদিনের বাংলাদেশকে বলেন, কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন শেষে মিছিল থেকে শহিদুল্লাহ হার্ট অ্যাটাক করেন। পরে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
সদ্য পেকুয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়েছিলেন মো. শহিদুল্লাহ। তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়েসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। তিনি দুবার টইটং ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন।
তার অকালমৃত্যুতে কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি ফরিদুল ইসলাম চৌধুরী ও সাধারণ সম্পাদক মেয়র মুজিবুর রহমান গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। একই সঙ্গে মহান বিজয় দিবসের পূর্বনির্ধারিত আজকের দলীয় কর্মসূচি স্থগিত করা হয়েছে।
শুক্রবার মাগরিবের নামাজের পর টইটং উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।