পার্বতীপুর (দিনাজপুর) প্রতিবেদক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫ ২১:০২ পিএম
পার্বতীপুরে হাবড়া ইউনিয়নের আরজি দেবীপুর গ্রামে অজ্ঞাত দুর্বৃত্তের আগাছা নাশক বিষ প্রয়োগে এক কৃষকের প্রায় দুই একর জমির ধানক্ষেতের ক্ষতি হয়েছে। গত শুক্রবার ভোররাতে এ ঘটনাটি ঘটে।
এবিষয়ে ক্ষতিগ্রস্থ কৃষক হবিবর রহমান ও তার ভাই মিনহাজুল ইসলাম জানান, তারা পৈতৃক সূত্রে মরনাই মৌজায় ১ একর ৫৮ শতক জমিটি ভোগদখল করে আসছে। তবে বেশকিছুদিন যাবৎ এলাকার একটি মাদ্রাসার কতিপয় ব্যক্তির সাথে জমিটির মালিকানা নিয়ে বিরোধও চলছিলো। ওই ব্যক্তিরা জমিটি নিজেদের দাবি করে নিষেধাজ্ঞা চেয়ে আদালতে মামলাও করেন। কিন্তু বিজ্ঞ আদালত এ বিষয়ে কোন নিষেধাজ্ঞার আদেশ দেননি।
হবিবর রহমান জানান, আমরা কাউকে দেখতে পাইনি, তবে আমাদের প্রতিপক্ষ এ ঘটনা ঘটাতে পারেন বলে সন্দেহ রয়েছে।
একই গ্রামের বাসিন্দা মোজাম্মেল হক জানান, এমন কাজ করার সময় কাওকে না দেখলেও আমরা ফসলের ক্ষতির বিষয়টি দেখেছি।
এ বিষয়ে পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘বিষয়টি আমার জানা নেই, তবে ভুক্তভোগীরা অভিযোগ করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’