কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিবেদক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫ ১৯:০৬ পিএম
ঢাকার কেরানীগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে গাড়ি চুরি চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি-দক্ষিণ)। এ সময় তাদের কাছ থেকে চারটি চোরাই ট্রাক জব্দ করা হয়।
রবিবার (১২ অক্টোবর) ঢাকা জেলা দক্ষিণ ডিবি অফিসে সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর কবীর।
গ্রেপ্তারকৃতরা হলেন- মো. বিল্লাল ওরফে রনি (৩৬), মো. শফিকুল ইসলাম (৫৫), মো. সজিব শিকদার (২৮), মো. সেলিম (৪৫) ও মো. মাসুদ আলম (৫৫)।
ডিবি সূত্রে জানা গেছে, গত ৫ অক্টোবর রাতে দক্ষিণ কেরানীগঞ্জের মোল্লা বাজার এলাকা থেকে মজিবুর রহমান নামে এক ব্যক্তির ড্রাম ট্রাক চুরি হয়। এ ঘটনায় দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ১১ অক্টোবর মামলা দায়ের করা হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি দক্ষিণ’র অফিসার ইনচার্জ সাইদুল ইসলামের নেতৃত্বে এসআই মনির হোসেনের একটি টিম কেরানীগঞ্জ, সাভার ও যশোরে একাধিক অভিযান চালিয়ে চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে।
এছাড়া অভিযানে চারটি চোরাই ট্রাক জব্দ করা হয়। এর মধ্যে একটি ট্রাক বাদীর চুরি যাওয়া গাড়ি, যা যশোর থেকে খণ্ডিত অবস্থায় উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা স্বীকার করেছে, তারা দেশের বিভিন্ন জেলা থেকে ট্রাক ও পিকআপ চুরি করে যন্ত্রাংশ পরিবর্তন করে বিক্রি করত।
অতিরিক্ত পুলিশ সুপার মো. জাহাঙ্গীর আলম আরও বলেন,গাড়ি চুরি চক্রের মূলহোতাদের শনাক্ত করা হয়েছে। শিগগিরই তাদেরও আইনের আওতায় আনা হবে।