সাতক্ষীরা প্রতিবেদক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫ ১৮:৫২ পিএম
প্রতিকী ছবি।
সাতক্ষীরার কালিগঞ্জে ইঁদুর নিধনের ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশরাফ হোসেন (৪০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। শনিবার (১১ অক্টোবর) রাতে উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের রামনগর গ্রামে এই ঘটনা ঘটে। মৃত আশরাফ হোসেন রামনগর গ্রামের মরহুম আব্দুল বারী তরফদারের ছেলে।
নিহতের পরিবারের সদস্যরা জানান, একই গ্রামের জাহাঙ্গীর রাজুর মালিকানাধীন একটি মিশ্র (মাছ ও ধান চাষ) ঘের বর্গা নিয়ে সেখানে ধান চাষ ও ঘেরের দেখভালের কাজ করতেন আশরাফ হোসেন। পাশের ঘেরের মালিক জব্বার আলী ও আশরাফ হোসেন নিজের ধানক্ষেতে ইঁদুরের উপদ্রব থেকে রক্ষা পেতে সম্প্রতি যৌথভাবে ইঁদুর নিধনের বৈদ্যুতিক ফাঁদ তৈরি করেন।
শনিবার সন্ধ্যার পর জব্বার আলী ফাঁদে বিদ্যুৎ সংযোগ দেন, কিন্তু বিষয়টি আশরাফ জানতেন না। মাগরিবের নামাজ শেষে আশরাফ নিজের ধানের জমিতে রাজুর ঘেরে আটল পাততে গেলে অসাবধানতাবশত ওই ফাঁদে জড়িয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান।
দীর্ঘসময় পরও বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা আশরাফকে খুঁজতে বের হয়ে ঘেরের ভেড়িতে তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন।
কালিগঞ্জ থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও মরদেহ উদ্ধার করেছে। রবিবার (১২ অক্টোবর) ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে প্রেরণ করা হবে। ঘটনা তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।