কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিবেদক
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫ ১৭:৫৯ পিএম
আপডেট : ১২ অক্টোবর ২০২৫ ১৮:২৬ পিএম
চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ‘ডিবি পুলিশ’ পরিচয়ে একটি সশস্ত্র ডাকাতদল বিয়েবাড়িতে হামলা চালিয়ে স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও মোবাইল ফোন লুট করে নিয়ে গেছে। শনিবার (১১ অক্টোবর) রাত দেড়টার দিকে উপজেলার বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর এলাকার মোহাম্মদ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা
জানান, বিয়ের অনুষ্ঠান শেষে নববধূ নিয়ে বাড়িতে ফেরেন মো. আরিফুল ইসলাম ও তাঁর পরিবার।
এর কিছুক্ষণ পরই সাদা-আকাশি পোশাকে ৮ জনের একটি দল ‘ডিবি পুলিশ’ পরিচয়ে অস্ত্র হাতে ঘরে ঢুকে তল্লাশির কথা বলে সবাইকে
একটি কক্ষে আটকে ফেলে। তারা আলমারি ও লকার ভেঙে প্রায় ১১ ভরি স্বর্ণালঙ্কার, দুই লাখ
টাকা এবং দুটি স্মার্টফোন নিয়ে যায়।
ভুক্তভোগী
নববর মো. আরিফুল ইসলাম ইসলামী ব্যাংক পিএলসি-তে কর্মরত। তাঁর বড় ভাই মো. আলমগীর দীর্ঘদিন
ধরে কাতারে প্রবাসে রয়েছেন। পরিবারের এ ধরনের ভয়াবহ অভিজ্ঞতা তাদের মানসিকভাবে বিপর্যস্ত
করে তুলেছে।
নববর আরিফুল
ইসলাম বলেন, আমি গাড়িতে আমার এক বন্ধুকে নামিয়ে দিয়ে ঘরে ফেরার সময় জানতে পারি ডাকাত
ঢুকেছে। তখন কাছেই থাকা টহল পুলিশকে ডাকাতির কথা জানাই, তারা আমাকে ডিউটি অফিসারকে
কল দিতে বলে। ডাকাতরা চলে যাওয়ার সময় পুলিশের সামনেই অস্ত্র তাক করে পালিয়ে যায়।
স্থানীয়দের
অভিযোগ, ডাকাতির সময় পুলিশ বাড়ির মাত্র ১০ ফুট দূরেই ছিল, কিন্তু কোনো ধরণের ধাওয়া
বা প্রতিরোধ করেনি। এতে স্থানীয়দের মাঝে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে।
আরিফের
বড় ভাই আলমগীর, যিনি কাতার প্রবাসী, বলেন, ঘটনার সময় পুলিশ আমাদের
বাড়ির কাছেই ছিল। ডাকাতদের সঙ্গে মুখোমুখি অবস্থায়ও তারা কিছু করেনি। ডাকাতরা
অস্ত্র তাক করলে পুলিশ পিছিয়ে যায়। পরে আমরা নিজেরাই প্রাইভেট কারে তাদের পিছু
নিই, কিন্তু তারা শান্তিরহাট হয়ে পালিয়ে যায়।
স্থানীয়দের
ধারণা, ডাকাত দলের কয়েকজন সদস্য বিয়ের অনুষ্ঠানেই আগে থেকে উপস্থিত ছিল। সাদা গেঞ্জি
ও জিন্স প্যান্ট পরা ব্যক্তিদের উপস্থিতি এবং তাদের গতিবিধি সন্দেহজনক বলে মনে করছেন
প্রত্যক্ষদর্শীরা। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে তাদের শনাক্ত করা সম্ভব হতে পারে
বলে ধারণা করা হচ্ছে।
গতকাল দুপুরে কর্ণফুলী
জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) মো. জামাল উদ্দিন চৌধুরী এবং কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত
কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শরীফ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এসি জামাল উদ্দিন বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে প্রয়োজনীয় আইনি নির্দেশনা দেওয়া হয়েছে। ডাকাতদের ফেলে যাওয়া একটি দেশীয় তৈরি এলজি বন্দুক ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। তদন্ত চলছে, বিস্তারিত পরে জানানো হবে।