চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১২ অক্টোবর ২০২৫ ০৯:২৩ এএম
ছবি : সংগৃহীত
ভূরাজনৈতিক উত্তেজনা, বিশ্বের বিভিন্ন অঞ্চলে যুদ্ধ মন্থর করেছে বিশ্ব অর্থনীতির প্রত্যাশিত গতিকে। পরিবহন ধর্মঘট, কাস্টমস কর্মকর্তাদের কলম বিরতি এবং শাটডাউনের মতো ঘটনায় প্রতিকূল পরিস্থিতির মধ্য দিয়ে গেছে দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য। এরপরও নেতিবাচক প্রভাব পড়েনি। নানা প্রতিকূলতার পরও চলতি অর্থবছরের প্রথম তিন মাসে চট্টগ্রাম বন্দরের কন্টেইনার, কার্গো ও জাহাজ হ্যান্ডলিং খাতে প্রবৃদ্ধি হয়েছে। আগের অর্থবছরের তুলনায় প্রথম তিন মাসে ১ লাখ ১ হাজার ১৮৫ টিইইউস কন্টেইনার হ্যান্ডলিং বেশি হয়েছে। কার্গো হ্যান্ডলিং বেশি হয়েছে ৪০ লাখ ১২ হাজার ৩৭৩ টন।
বন্দর কর্তৃপক্ষের কর্মকর্তারা জানান, বন্দরের কর্মকর্তা-কর্মচারী, শ্রমিক ও সংশ্লিষ্ট অংশীজনের একান্ত সহযোগিতার ফলেই এই প্রবৃদ্ধি অব্যাহত রয়েছে। প্রতিকূল পরিস্থিতিতেও বন্দরের অপারেশনাল কার্যক্রমে তেমন প্রভাব পড়েনি। বরং কন্টেইনার, কার্গো ও জাহাজ হ্যান্ডলিং বেড়েছে। এ ধারা অব্যাহত থাকলে যেকোনো সময়ের তুলনায় চট্টগ্রাম বন্দরে কন্টেইনার ও কার্গো হ্যান্ডলিং রেকর্ড গড়বে বলে আশা প্রকাশ করেন তারা।
বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বন্দরের সবচেয়ে উল্লেখযোগ্য টার্মিনাল এনসিটিতে বাংলাদেশ নৌবাহিনী পরিচালিত প্রতিষ্ঠান চট্টগ্রাম ড্রাইডক লিমিটেড চলতি অর্থবছরের (২০২৫-২৬) প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ৮৮ শতাংশ কন্টেইনার হ্যান্ডলিং বেশি করেছে। এই তিন মাসে প্রতিষ্ঠানটি সব মিলিয়ে কন্টেইনার হ্যান্ডলিং করেছে ৩ লাখ ৪২ হাজার ৬৪৯ টিইইউস, যা বিগত অর্থবছরের একই সময়ের তুলনায় ৪১ হাজার ৭৫৪ টিইইউস বেশি। একই সময়ে আগের অর্থবছরের তুলনায় জাহাজ হ্যান্ডলিং বেশি হয়েছে ২৬টি। চলতি অর্থবছরের এই তিন মাসে এনসিটিতে জাহাজ হ্যান্ডলিং হয়েছে ১৭৮টি।
শুধু এনসিটিতে কন্টেইনার এবং জাহাজ হ্যান্ডলিং বেড়েছে তা নয়, চলতি অর্থ বছরের এই তিন মাসে চট্টগ্রাম বন্দরে সামগ্রিকভাবে কন্টেইনার, কার্গো ও জাহাজ হ্যান্ডলিং বিগত বছরের একই সময়ের তুলনায় উল্লেখযোগ্যহারে বৃদ্ধি পেয়েছে।
বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, প্রথম তিন মাসে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ২৪ শতাংশ কন্টেইনার হ্যান্ডলিং বেশি হয়েছে। চলতি বছরের এই তিন মাসে বন্দরে কন্টেইনার হ্যান্ডলিং হয় ৯ লাখ ২৭ হাজার ৭১৩ টিইইউস। যেখানে আগের অর্থবছরের একই সময়ে কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে ৮ লাখ ২৬ হাজার টিইইউস।
একইভাবে তিন মাসে চট্টগ্রাম বন্দরে কার্গো ও জাহাজ হ্যান্ডলিংয়েও প্রবৃদ্ধি হয়েছে। গত তিন মাসে বন্দরে আগের অর্থবছরের একই সময়ের তুলনায় ১৩ দশমিক ৮৮ শতাংশ কার্গো হ্যান্ডলিং বেড়েছে। সেপ্টেম্বর পর্যন্ত তিন মাসে বন্দরে মোট কার্গো হ্যান্ডলিং হয়েছে ৩ কোটি ২৯ লাখ ১৯ হাজার ৯৬৬ টন। যেখানের আগের অর্থবছরের একই সময়ে কার্গো হ্যান্ডলিং হয়েছিল ২ কোটি ৮৯ লাখ ৭ হাজার ৫৯২ টন।
অন্যদিকে জাহাজ হ্যান্ডলিং বেড়েছে ৯ দশমিক ২২ শতাংশ। গত অর্থবছরের প্রথম তিন মাসে বন্দরে জাহাজ হ্যান্ডলিং হয় ৯৪৪টি। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে হয়েছে ১ হাজার ৩১টি।
পঞ্জিকাবর্ষ হিসেবেও চট্রগ্রাম বন্দরের সব অর্জন ইতিবাচক সূচকে রয়েছে। ২০২৫ পঞ্জিকাবর্ষে জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত ৯ মাসে চট্রগ্রাম বন্দরে মোট ২৫ লাখ ৬৩ হাজার ৪৫০ টিইইউস কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে, যা বিগত অর্থবছরের একই সময়ের চেয়ে ১ লাখ ২১ হাজার ৬২৫ টিইইউস বেশি। একইভাবে গত নয় মাসে চট্টগ্রাম বন্দরে কার্গো হ্যান্ডলিং বেশি হয়েছে ১ কোটি ৭ লাখ ৫৭ হাজার ৭৪২ টন। চলতি বছরের এই ৯ মাসে বন্দরে কার্গো হ্যান্ডলিং হয় ১০ কোটি ২৭ লাখ ৪ হাজার ২৫৯ টন। যেখানে ২০২৪ সালের প্রথম ৯ মাসে বন্দরে কার্গো হ্যান্ডলিং হয়েছে ৯ কোটি ১৯ লাখ ৪৬ হাজার ৫১৬ টন।
অন্যদিকে একই সময়ে জাহাজ হ্যান্ডলিং বেড়েছে ২৯৭টি। চলতি বছরের গত ৯ মাসে বন্দরে জাহাজ হ্যান্ডলিং হয় ৩ হাজার ১৬১টি। যেখানে গত বছরের প্রথম ৯ মাসে জাহাজ হ্যান্ডলিং হয়েছে ২ হাজার ৮৬৩টি।