চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫ ২২:২৩ পিএম
আপডেট : ১১ অক্টোবর ২০২৫ ২২:২৫ পিএম
চট্টগ্রামে হোন্ডা ব্রান্ডের একটি কনসার্টে শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ সময় কয়েক রাউন্ড গুলি ছোড়ার ঘটনা ঘটে। এই ঘটনায় একজন গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করেছে পুলিশ।
শনিবার (১১ অক্টোবর) সন্ধ্যার পর নগরীর জিইসি কনভেনশন সেন্টারে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে জিইসি মোড় এলাকায় গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া ঘটনাস্থলের আশপাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জানা গেছে, হোন্ডার ব্রান্ডের ফান অ্যান্ড রক ফেস্ট উপলক্ষে ওই কনভেনশন সেন্টারে আর্টসেলের গান গাওয়ার কথা ছিল। সন্ধ্যার পর থেকেই কনভেনশন সেন্টার পূর্ণ হয়ে যায়। এক পর্যায়ে কনভেনশন সেন্টারের ভেতর শেখ হাসিনার নামে স্লোগান দিতে শুরু করলে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এর মধ্যে কয়েক রাউন্ড গুলির শব্দও শোনা গেছে। এতে শরীফ নামে একজন গুলিবিদ্ধ হয়েছে।
এই বিষয়ে কথা বলতে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তিনি কল রিসিভ করেননি।
তবে শরীফ নামে একজন গুলিবিদ্ধ হয়েছে বলে নিশ্চিত করেছেন চমেক পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক নুরুল আলম আশেক। ঘটনাস্থলে থাকা খুলশী থানার একজন উপ-পরিদর্শক নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, অন্তত ১৫ জনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে আছে। পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ ফাঁকা গুলি ছুঁড়েছে।