খুলনা অফিস
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫ ২২:০০ পিএম
খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) খুমেক হাসপাতালের পরিচালক ডা. কাজী মো. আইনুল ইসলামের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ নির্দেশনা জারি করা হয়।
অফিস আদেশে জানানো হয়েছে, পরিচালকের লিখিত অনুমতি ছাড়া কোনো মিডিয়া প্রতিনিধি হাসপাতালের ইনডোর বা আউটডোর বিভাগে প্রবেশ করতে পারবেন না। হাসপাতালের অভ্যন্তরে ছবি বা ভিডিও ধারণ এবং রোগী বা স্বজনদের সাক্ষাৎকার গ্রহণও নিষিদ্ধ।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সাংবাদিকদের অবাধ প্রবেশের কারণে রোগীদের চিকিৎসা কার্যক্রমে বিঘ্ন ঘটে এবং অনেক সময় বিভ্রান্তিকর তথ্য প্রচার হয়। তাই প্রশাসনিক শৃঙ্খলা বজায় রাখতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে হাসপাতালটির পরিচালক ডা. কাজী মো. আইনুল ইসলাম সাংবাদিকদের জানান, হাসপাতালে সাংবাদিকদের অবাধ চলাফেরা ও সংবাদ সংগ্রহের কারণে স্বাভাবিক চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। ঢাকাসহ দেশের অনেক মেডিকেলে এ নিয়ম চালু আছে। সব চিকিৎসকদের সঙ্গে আলোচনা করেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তবে স্থানীয় সাংবাদিকরা এ সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকারি হাসপাতালের কার্যক্রমে সংবাদ মাধ্যমের প্রবেশ নিষিদ্ধ করা গণমাধ্যমের স্বাধীনতা সীমিত করার শামিল। তারা এই আদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
খুলনা প্রেসক্লাবের অন্তর্বর্তীকালীন কমিটির সদস্য সচিব রফিউল ইসলাম বলেন, সাংবাদিকরা পেশাগত দায়িত্ব পালনে খুমেক হাসপাতালে প্রবেশ করতে পারবেন না। খুমেক হাসপাতালে সাংবাদিকদের প্রবেশের এ নিষেধাজ্ঞাকে গণমাধ্যমের স্বাধীনতা হরণের নামান্তর বলে মনে করি। এরা সরকারকে বিব্রকতকর পরিস্থিতিতে ফেলছে। অবিলম্বে খুমেক হাসপাতালের পরিচালকের অপসারণের দাবি জানাচ্ছি।