আমতলী (বরগুনা) প্রতিবেদক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫ ২০:০৩ পিএম
আপডেট : ১১ অক্টোবর ২০২৫ ২০:২৭ পিএম
ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসপ্রবণ উপকূলীয় জেলা বরগুনার আমতলীতে প্রস্তাবিত দুটি সাইক্লোন শেল্টারের স্থান পরিদর্শন করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই-আজম বীরপ্রতীক।
শনিবার (১১ অক্টোবর) দুপুরে পায়রা সমুদ্রবন্দর পরিদর্শনকালে তিনি আমতলী উপজেলার কুকুয়া ইউনিয়নের চুনাখালী মাধ্যমিক বিদ্যালয় ও হলদিয়া ইউনিয়নের পূর্ব চিলা হাশেমিয়া মাধ্যমিক বিদ্যালয়ে প্রস্তাবিত সাইক্লোন শেল্টার স্থাপনের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে উপদেষ্টা ফারুক-ই-আজম বলেন, উপকূলের মানুষের জান-মালের সুরক্ষা নিশ্চিত করাই আমাদের অগ্রাধিকার। এই দুটি শেল্টার নির্মিত হলে দুর্যোগের সময় এলাকাবাসী নিরাপদ আশ্রয় পাবে।
এ সময় বরগুনা জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আলম, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল মাসুদ, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী হান্নান প্রধান, আমতলী উপজেলা নির্বাহী অফিসার রোকনুজ্জামানসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্থানীয় প্রশাসনের তথ্য অনুযায়ী, প্রস্তাবিত দুটি নতুন সাইক্লোন শেল্টার নির্মিত হলে প্রায় তিন হাজার উপকূলবাসী দুর্যোগের সময় নিরাপদ আশ্রয়ের সুযোগ পাবেন।
পরে উপদেষ্টা ফারুক-ই-আজম পায়রা বন্দরের সাম্প্রতিক ক্ষয়ক্ষতি ও পুনর্গঠন পরিকল্পনা পর্যালোচনা করেন এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেন।