চট্টগ্রাম অফিস
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫ ১৯:২২ পিএম
আপডেট : ১১ অক্টোবর ২০২৫ ১৯:২২ পিএম
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মহিলা সমাবেশে বক্তব্য দেন বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল। প্রবা ফটো
বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর হেলাল বলেছেন, নারীর ক্ষমতায়নের প্রথম যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। তিনিই প্রথম রাষ্ট্রীয় পর্যায়ে নারীদের জন্য কর্মসংস্থান, শিক্ষা এবং নেতৃত্বের সুযোগ সৃষ্টি করে নারী জাগরণের ভিত্তি স্থাপন করেন। তিনি বলেন, সেই ধারাবাহিকতায় আজ তার সুযোগ্য সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান আগামীর বাংলাদেশে নারীদের সর্বোচ্চ মর্যাদা ও ক্ষমতায়ন নিশ্চিত করবেন।
শনিবার (১১ অক্টোবর) দুপুরে চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় আয়োজিত ‘নারীর মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়ন’ শীর্ষক আয়োজিত মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মীর হেলাল। সমাবেশটি অনুষ্ঠিত হয় দেশনায়ক তারেক রহমান ঘোষিত ‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা’ বাস্তবায়নের লক্ষ্যে। সমাবেশে উপজেলার হাজার হাজার নারী অংশ নেন।
তিনি বলেন, বিএনপি সরকার গঠন করলে প্রতিটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ এর আওতায় আনা হবে এবং সেই কার্ডের মালিক হবেন নারী। এটি হবে নারীর অর্থনৈতিক নিরাপত্তা ও সিদ্ধান্তগ্রহণের একটি বাস্তব প্রতীক। একইসাথে নারীদের জন্য সহজ শর্তে ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করা হবে। যাতে তারা স্বাবলম্বী হয়ে পরিবার ও সমাজে নেতৃত্ব দিতে পারেন।
মীর হেলাল বলেন, দেশনায়ক তারেক রহমান বিশ্বাস করেন নারীরা সমাজে প্রতিনিধিত্ব করেন, তারাই প্রকৃতপক্ষে রাষ্ট্রের উন্নয়ন ও মানবিক অগ্রগতির চালিকাশক্তি। আগামী বাংলাদেশ হবে এমন একটি রাষ্ট্র যেখানে নারীরা শুধু অংশগ্রহণকারী নন, বরং নীতি নির্ধারক ও নেতৃত্বদাতা হিসেবেও নিজেদের ভূমিকা রাখবেন।
তিনি বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আমাদের একটি মৌলিক শিক্ষা দিয়ে গেছেন। সেটি হলো- দলমত-ধর্মবর্ণ নির্বিশেষে আমাদের প্রথম ও প্রধান পরিচয় হচ্ছে- আমরা বাংলাদেশি। মীর হেলাল বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সবসময় ধর্মকে পুঁজি করে রাজনীতি করেছে, বিভাজন সৃষ্টি করে ক্ষমতায় টিকে থাকতে চেয়েছে। তারা ধর্মের ব্যবসা করেছে, জনগণের সঙ্গে প্রতারণা করেছে। কিন্তু বিএনপি সেই রাজনীতি করে না। বিএনপি বিশ্বাস করে- বাংলাদেশের প্রতিটি নাগরিকই বিএনপির শক্তি, আর বিএনপি তাদের শক্তি। আমাদের ভোটব্যাংক দেশের ১৮ কোটি মানুষ।
দেশের সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় বিএনপি সবসময় কাজ করে আসছে উল্লেখ করে ব্যারিস্টার হেলাল বলেন, আমরা বিশ্বাস করি, জনগণের শক্তিই রাষ্ট্রের শক্তি। ২০২৬ সালের ফেব্রুয়ারির নির্বাচনে জনগণের প্রত্যক্ষ ভোটে বিএনপি বিপুল বিজয় অর্জন করবে, এবং দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের নেতৃত্বে নতুন যুগের সূচনা করবেন।
সভায় চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন বলেন, নারীদের বাদ দিয়ে দেশের উন্নয়ন সম্ভব নয়। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন এই দেশের স্বাধীনতার ঘোষণা দিয়ে জাতিকে একটি ভিন্ন চিন্তার পথ দেখিয়েছেন, তেমনি আজ তার সুযোগ্য উত্তরসূরি দেশনায়ক তারেক রহমান নেতৃত্ব দিচ্ছেন একটি গণতান্ত্রিক ও মানুষের অধিকারভিত্তিক রাষ্ট্র গঠনের আন্দোলনে। আনোয়ারার প্রত্যন্ত অঞ্চল থেকে হাজারো মা-বোনের স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমাণ করে- নারীরাও আজ রাজপথের পরিবর্তনের নেতৃত্বে রয়েছে।
সমাবেশে অংশ নেন- চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মাস্টার রফিক আহমদ, সরোয়ার হোসেন মাসুদ, জাগির আহমদ, আমিনুল ইসলাম, দিল মোহাম্মদ মনজু, এম মনছুর উদ্দিন, বিএনপি নেতা আবদুল মইয়ুম চৌধুরী ছোটন, রফিক ডিলার, কাশেম, মোজাম্মেল হক, জাহাঙ্গীর, আবু সাদেক,জসিম, জামাল আনছারী, মোস্ততাক আহমেদ, ইউছুপ মাস্টার, আবদুল হক, ইসমাইল তালুকদার, লিয়াকত, আকতারুজ্জান, আবু সালেহ, মহরম আলী, মামুন খান, কনক চৌধুরী, যুবদল নেতা জিয়াউল কাদের জিয়া, ওসমান শিকদার, মাবুদ, শাকিল, কায়েস, নুরুল কবির রানা, সোয়াইব, আরিফ, আজম খান, হোসেন, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব গাজী ফোরকান, স্বেচ্ছাসেবক দল নেতা আতিকুর রহমান, আবু তৈয়ব মাহির, হাসান, শামসুল প্রমুখ।