সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিবেদক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫ ১৮:২৮ পিএম
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় স্বামী-স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১০ অক্টোবর) রাত ৩টায় উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দারোগোল্লা গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন সিনথিয়া (২০) ও তার স্বামী সাব্বির (২২)। সাব্বির হোসেন ওই এলাকার নুর মোহাম্মদের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সাব্বির হোসেন ও তার স্ত্রী সিনথিয়া আক্তারের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক দ্বন্দ্ব চলে আসছে। ধারণা করা হচ্ছে, পারিবারিক দ্বন্দ্বের জেরে তারা আত্মহত্যা করেছেন। খবর পেয়ে সোনারগাঁ থানার এসআই মোহাম্মদ সোহেল সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করেন। তাদের সংসারে সাফরান হাসান নুর নামে ৩ বছরের একটি ছেলে রয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সাব্বিরের বড় বোন নুপুর আক্তার বলেন, শুক্রবার রাতে ওরা আমাদের বাসায় এসে খাবার খেয়ে চলে যায়। পরে এ ঘটনা শুনে তাদের বাসায় এসেছি। ২০ দিন আগে গ্রামের পঞ্চায়েতরা তাদের শালিস করে মিলমিশ করে দেয়। এরপর কোনো সমস্যা ছিলনা।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হাসান খান জানান, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।