চরফ্যাশন (ভোলা) প্রতিবেদক
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫ ১৮:১৩ পিএম
আপডেট : ১১ অক্টোবর ২০২৫ ১৮:৩২ পিএম
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, তারেক রহমান গত ১৬ বছর ধরে ফ্যাসিবাদবিরোধী ধারাবাহিক আন্দোলনের নেতৃত্ব দিয়ে আসছেন। ৫ আগস্ট বাংলাদেশ থেকে ফ্যাসিবাদের বিদায় ঘটেছে।
কিন্তু অল্পসময়ের মধ্যে যে কাঙ্ক্ষিত নির্বাচন হওয়ার কথা ছিল, তা এখনো হয়নি। একটি স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন হলে তার ফলাফল কী হতে পারে, ষড়যন্ত্রকারীরা তা জেনে গেছে। সেই কারণেই তারা নির্বাচনকে বিলম্বিত করার চেষ্টা করছে।
শনিবার (১১ অক্টোবর) দুপুরে চরফ্যাশন উপজেলার নীলকমল, নুরাবাদ ও আহাম্মদপুর ইউনিয়নে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।
নুরুল ইসলাম নয়ন আরও বলেন, আমরা আগামীতে তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশকে একটি মানবিক রাষ্ট্রে রূপান্তরিত করতে চাই। ভোলা-৪ আসনে যদি আমি সাধারণ জনগণের সেবক হিসেবে কাজ করার সুযোগ পাই, তবে সরকারি বরাদ্দ চাল ও ডালসহ সব প্রাপ্য জনগণের হাতে পৌঁছে দেব। উপকূলীয় অঞ্চলে যারা জেলেদের চাল আত্মসাৎ করবে, তাদের আইনের আওতায় আনা হবে।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক গোফরান মহাজন, সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মঞ্জুর হোসেন, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সোহেল, উপজেলা বিএনপির সাবেক সহ-দপ্তর সম্পাদক কামাল গোলদার, উপজেলা যুবদলের আহ্বায়ক শহিদুল ইসলাম প্রিন্স মহাজন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল ইসলাম, সদস্য সচিব জাহিদুল ইসলাম রাসেল ও পৌর যুবদলের আহ্বায়ক আবুবকর ছিদ্দিক মিল্টন।
এছাড়াও বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় জনগণ গণসংযোগে অংশ নেন।