সিলেট অফিস
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫ ১৭:৫৭ পিএম
আপডেট : ১১ অক্টোবর ২০২৫ ১৮:০৮ পিএম
আনুষ্ঠানিকভাবে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যায়ের অধিকৃত জমি কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে। শনিবার (১১ অক্টোবর) বেলা ১১টার দিকে সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে দক্ষিণ সুরমার উপজেলার মোল্লারগাও সিলেট-সুনামগঞ্জ বাইপাস সংলগ্ন এলাকায় মেডিকেল বিশ্ববিদ্যালয়ের জন্য নির্ধারিত জমি মেডিকেল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়।
সিলেট জেলা প্রশাসক মো. সারওয়ার আলম প্রধান অতিথি হিসাবে উপস্থিত হয়ে এই জমি হস্তান্তর করেন।
এসময় উপস্থিত অতিথিরা বলেন- এই জমি হস্তান্তরের মধ্য দিয়ে সিলেট অঞ্চলের চিকিৎসা শিক্ষা ও গবেষণার ক্ষেত্রে এক নতুন অধ্যায়ের সূচনা হলো। সিলেটের স্বাস্থ্যসেবা ও উচ্চশিক্ষা খাতে একটি ঐতিহাসিক মাইলফলক হিসেবে বিবেচিত হবে।
সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য দক্ষিণ সুরমার উপজেলার মোল্লারগাও ইউনিয়নের গোয়ালগাঁও ও হাজরাই মৌজায় মোট ৭৯.১১৭৫ একর জমি এলএ মামলা নং ০৯/২০১৯-২০ মূলে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. ইসমাইল পাটোয়ারীর নিকট আনুষ্ঠানিকভাবে দখল বুঝিয়ে দেওয়া হয়।
হস্তান্তর অনুষ্ঠানে জেলা প্রশাসন ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কর্মকর্তাবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।