ময়মনসিংহ অফিস
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৫ ১৭:০২ পিএম
আপডেট : ১১ অক্টোবর ২০২৫ ১৯:৫১ পিএম
এক এনসিপি নেতার সঙ্গে ইউনাইটেড বাস সার্ভিস কাউন্টারের লোকদের গত শুক্রবার দ্বন্দ্ব হয়। এই দ্বন্দ্বের জেরে এনসিপি নেতারা ইউনাইটেড বাস সার্ভিস বন্ধ করে দেন। এর প্রতিবাদে মটর শ্রমিকরা ময়মনসিংহ-ঢাকা সড়কে শনিবার (১১ অক্টোবর) ৬ ঘণ্টা বাস চলাচল বন্ধ রাখেন।
নগরীর শিকারিকান্দা ঢাকা বাইপাস মোড়ে শ্রমিকরা বাস চলাচল করে এই কর্মসূচি পালন করেন শ্রমিকরা। এ সময় ঢাকার যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।
শনিবার বেলা সাড়ে ১১টা থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে বাস যান চলাচল বন্ধ থাকে। দুপক্ষের আলোচনার পর বিকাল ৫টার দিকে বাস চলাচল শুরু হয়। তবে আওয়ামী লীগ নেতা আমিনুল ইসলাম শামীমের কোনো যানবাহন ইউনাইটেড নামে না চলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ময়মনসিংহ জেলার সদস্য সচিব আলী হোসেন বলেন, গেজেটভুক্ত জুলাই যোদ্ধা আবু রায়হানের বাসা ময়মনসিংহের হালুয়াঘাটে। গত শুক্রবার বিকালে আবু রায়হান ঢাকায় যাওয়ার জন্য মাসকান্দা বাসটার্মিনালে যান। এ সময় তাকে পরিবহন শ্রমিক ‘জুলাই যোদ্ধা’ বলে কটূক্তি করেন। এ নিয়ে তখন বাগবিতণ্ডা হয়। ঘটনাটি বৈষম্যবিরোধী ছাত্ররা জানতে পেরে আওয়ামী লীগ নেতা আমিনুল হক শামীমের মালিকানাধীন ইউনাইটেড পরিবহনসহ তার মালিকানাধীন সব বাস বন্ধের দাবি জানিয়ে ইউনাইটেড পরিবহনের বাস ঢাকা-ময়মনসিংহে চলাচল বন্ধ করে দেন।
শিকারিকান্দা বাইপাস শ্রমিক ইউনিয়নের সাবেক কোষাধ্যক্ষ রফিকুল ইসলাম বলেন, ওই জুলাই যোদ্ধা বিকাল ৫টার দিকে ইউনাইটেড বাস কাউন্টারে আসেন। এ সময় ঢাকায় যাওয়ার জন্য সামনের ইউনাইটেড গাড়িতে উঠতে চান তিনি। কিন্তু চালকসহ শ্রমিকরা পরের গাড়িতে যেতে বলেন। এ নিয়ে জুলাই যোদ্ধাসহ শ্রমিকদের সঙ্গে বাগবিতণ্ডা হয়।
ইউনাইটেড পরিবহন সার্ভিনের লাইনম্যান মানিক বলেন, গাড়ি বন্ধ করতে হলে সব গাড়ি বন্ধ করতে হবে। শুধু ইউনাইটেড পরিবহন বন্ধের দাবি শ্রমিকরা মানছে না। কারণ এই গাড়িতে কাজ করে আমাদের সংসার চলে। তাই শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে সড়ক অবরোধ করে সব যানবাহন বন্ধ করে দিয়েছে।
দুপক্ষের দ্বন্দ্বে পরিবহন ধর্মঘট সাধারণ মানুষের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে মন্তব্য করে সাইবার কমিউনিটির সভাপতি সাকিব আহমেদ তুহিন বলেন, নতুন বাংলাদেশে আমরা প্রতিহিংসা চাই না। জনগণের অসুবিধা সৃষ্টি হয় এমন কর্মকাণ্ড পরিহার করতে হবে। তিনি এজন্য দুপক্ষের মধ্যে আলোচনা করে একটি স্থায়ী সমাধানের আশা করেন।
ইউনাইটেড বাস সার্ভিস কাউন্টারের শ্রমিকরা বলেন, ময়মনসিংহ থেকে আওয়ামী লীগ নেতা আমিনুল হক শামিমের ১১০টি বাস চলাচল করে। গত ৫ আগস্টের আগে এসব বাস এনা বাস সার্ভিস নামে চলাচল করত।