খুলনা অফিস
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫ ১৯:৩৩ পিএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৫ ২০:১১ পিএম
দুর্যোগকালে জনদুর্ভোগ লাঘবে সরকার টেকসই ও কার্যকর আশ্রয়কেন্দ্র নির্মাণ করছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক ই আজম।
শুক্রবার (১০ অক্টোবর) সকালে খুলনার ডুমুরিয়া উপজেলার শরাফপুর ও চটচটিয়া শিবনগর খেয়াঘাট এলাকায় নির্মাণাধীন আশ্রয়কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
উপদেষ্টা ফারুক ই আজম বলেন, অতীতে স্থানীয় প্রভাব ও রাজনৈতিক হস্তক্ষেপের কারণে অনেক আশ্রয়কেন্দ্র অনুপযুক্ত স্থানে নির্মিত হয়েছে। সত্যিকার দুর্যোগের সময় সেই কেন্দ্রগুলো কোনো কাজে আসে না। জনগণের সুবিধা বিবেচনায় স্থান নির্বাচন করেই আশ্রয়কেন্দ্র নির্মাণ করতে হবে।
গণমাধ্যমকর্মীদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যেসব আশ্রয়কেন্দ্র অনুপযুক্ত স্থানে নির্মিত হচ্ছে, সেগুলোর কাজ বন্ধ করে দেওয়া হবে। নির্মাণাধীন কেন্দ্রগুলোর উপযোগিতা যাচাই করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও বলেন, বর্তমানে তিনতলা বিশিষ্ট আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হচ্ছে যেখানে দুর্যোগকালে দ্বিতীয় তলায় নারী ও শিশু এবং তৃতীয় তলায় পুরুষরা আশ্রয় নেবেন। আশ্রয়কেন্দ্রগুলো দুর্যোগের সময় আশ্রয় হিসেবে ব্যবহৃত হলেও অন্য সময় জনস্বার্থে ব্যবহার করা যাবে। নির্মাণাধীন আশ্রয়কেন্দ্রগুলো ২০২৫ সালের ডিসেম্বরের মধ্যে কাজ শেষ করার নির্দেশনা দেওয়া হয়েছে।
এসময় আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোঃ মোস্তাফিজুর রহমান, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান, খুলনার জেলা প্রশাসক মোঃ তৌফিকুর রহমান প্রমুখ।