বগুড়া অফিস
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫ ১৯:১৬ পিএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৫ ২০:০৫ পিএম
প্রতিকী ছবি
বগুড়ার শাজাহানপুরে বিষাক্ত মদপানে মৃতের সংখ্যা বেড়ে চারজনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আরও একজন গুরুতর অসুস্থ অবস্থায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে সুলতান মাহমুদের ছেলে আব্দুল মানিক (৩০) ও খোট্টাপাড়া পূর্বপাড়া এলাকার আবু বক্করের ছেলে আব্দুল্লাহেল কাফি (৩০) বিকালে শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এর আগে বৃহস্পতিবার (৯ অক্টোবর রাতে একই এলাকার আব্দুল হান্নানের ছেলে নাছিদুল ইসলাম (২৭) মারা যান। এছাড়া মঙ্গলবার (৭ অক্টোবর) সন্ধ্যায় খোট্টাপাড়া গ্রামের মিজানুর রহমান লিটন (৫৫) মারা যান। তিনি খোট্টাপাড়া ইউনিয়ন পরিষদের (৪, ৫ ও ৬নং ওয়ার্ড) নারী মেম্বার আলেয়া বেগমের স্বামী।
এসব তথ্য নিশ্চিত করেছেন শাজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম শফিক। তিনি বলেন, বিষাক্ত মদপানে চারজনের মৃত্যুর ঘটনায় তদন্ত চলছে। তাদের মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুর্গাপূজার দশমীর দিন বৃহস্পতিবার (২ অক্টোবর) তারা একসঙ্গে মদপান করেন। পরে রাতে অসুস্থ হয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত তাদের হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয় এবং আরও একজনের অবস্থা গুরুতর। অসুস্থ অবস্থায় চিকিৎসাধীন আনসার সদস্য রঞ্জু মিয়া (৩০)। তার কিডনি ডায়ালাইসিস করা হলেও অবস্থার তেমন উন্নতি হয়নি।
হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান, বিষাক্ত মদপানের কারণে তাদের কিডনিতে মারাত্মক জটিলতা দেখা দিয়েছে। চারজন মারা গেছেন, বাকি একজনের অবস্থাও সংকটাপন্ন।