নোয়াখালী প্রতিবেদক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫ ১৯:০২ পিএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৫ ১৯:০৯ পিএম
নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালে সমুদ্রে যাওয়ার প্রস্তুতিকালে ১০ টন বরফসহ তিনটি ট্রলার আটক করেছে উপজেলা মৎস্য অধিদপ্তর। পরবর্তী সময়ে জব্দকৃত বরফগুলো লবণ ছিটিয়ে বিনষ্ট করা হয়।
শুক্রবার (১০ অক্টোবর) দুপুরে উপজেলার আমতলী ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসান।
উপজেলা মৎস্য দপ্তর সূত্রে জানা গেছে, ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫’ সফলভাবে বাস্তবায়নের অংশ হিসেবে আমতলী ঘাট এলাকায় নজরদারি জোরদার করা হয়। এ সময় সমুদ্রে মাছ ধরার প্রস্তুতি নিচ্ছিল এমন তিনটি ট্রলারে ১০ টন বরফ মজুত অবস্থায় পাওয়া যায়। পরে লবণ ছিটিয়ে বরফগুলো নষ্ট করা হয়।
হাতিয়া উপজেলা মৎস্য কর্মকর্তা ফাহাদ হাসান বলেন, বর্তমানে ইলিশের প্রধান প্রজনন মৌসুম চলছে। এই সময়ে সমুদ্রে মাছ ধরতে যাওয়া বা তার প্রস্তুতি নেওয়াও সম্পূর্ণ নিষিদ্ধ। আমরা নিয়মিত নজরদারি করছি, যাতে কেউ এই নিষেধাজ্ঞা ভঙ্গ করতে না পারে। জব্দকৃত বরফগুলো মাছ সংরক্ষণের উদ্দেশ্যে সমুদ্রে নেওয়া হচ্ছিল বলে নিশ্চিত হওয়া গেছে। তাই বরফ বিনষ্ট করা হয় এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বিল্লাল হোসেন বলেন, ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রজনন মৌসুম হওয়ায় সরকারিভাবে নিষেধাজ্ঞা চলছে। এ সময় ইলিশ ধরা, পরিবহন ও বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলা প্রশাসন উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে অভিযান চালানো হচ্ছে।
তিনি আরও বলেন, এই সময় মা ইলিশ বা জাটকা ধরে ফেললে আগামী বছর ইলিশের উৎপাদন কমে যাবে। ইলিশের উৎপাদন কমে গেলে ক্ষতিগ্রস্ত হবেন জেলেরা নিজেরাই। তাই বড় ইলিশ উৎপাদনের স্বার্থে সবাইকে এই সময় ধৈর্য ধরতে হবে।