ঝালকাঠি প্রতিবেদক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫ ১৮:৫৬ পিএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৫ ১৯:০৬ পিএম
ঝালকাঠির রাজাপুর উপজেলার নারী উদ্যোক্তা সৈয়দ মাফুজা রুনা ১৮টি অস্ট্রেলিয়ান জাতের গাভী নিয়ে গড়ে তুলেছেন আধুনিক দুগ্ধ খামার। প্রতিদিন প্রায় ১৩০ লিটার দুধ উৎপাদন হচ্ছে এই খামারে, যা বিক্রি করে মাসে আয় করছেন দুই লাখ টাকারও বেশি।
কিছুদিন আগেও সংসারের টানাপড়েনে ছিলেন মাফুজা রুনা। তবে দৃঢ় ইচ্ছাশক্তি, পরিশ্রম ও আত্মবিশ্বাসের মাধ্যমে আজ তিনি হয়ে উঠেছেন সফল উদ্যোক্তা। বর্তমানে তার খামারে তিনজন কর্মী স্থায়ীভাবে কাজ করছেন।
সম্প্রতি তার উদ্যোক্তা জীবনের অনুপ্রেরণামূলক গল্প গণমাধ্যমে প্রচারিত হলে তা সামাজিক মাধ্যমে ব্যাপক সাড়া ফেলে। সেই সংবাদ দেখে শুক্রবার (১০ অক্টোবর) সকালে খামারটি পরিদর্শন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ড. জিয়াউদ্দিন হায়দার।
এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন সাবেক কেন্দ্রীয় ছাত্রনেতা গোলাম আজম সৈকত, রাজাপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি জাকারিয়া সুমন, গালুয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি আবুয়াল হাসান চাঁন মিয়া, উপজেলা কৃষক দলের সভাপতি গোলাম ফারুক মোল্লা, উপজেলা তাঁতীদলের আহ্বায়ক মিজানুর রহমান, গালুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক টুটুল গাজী, যুবদল নেতা ইমাম হোসেন সেন্টু, সাতুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মীর শহিদ প্রমুখ।
এ সময় জিয়াউদ্দিন হায়দার বলেন, নিজের পরিশ্রম, আত্মবিশ্বাস আর অধ্যবসায় দিয়েই প্রমাণ করেছেন মাফুজা রুনা। বর্তমানে রাজাপুরের মানুষদের কাছে মাফুজা রুনা কেবল একজন সফল নারী নয়, বরং অনুপ্রেরণার এক উজ্জ্বল নাম।