× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৪ দিনের অভিযানে ফেনীর ফুটপাত দখলমুক্ত

ফেনী প্রতিবেদক

প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫ ১৮:৫২ পিএম

আপডেট : ১০ অক্টোবর ২০২৫ ১৯:০৫ পিএম

৪ দিনের অভিযানে ফেনীর ফুটপাত দখলমুক্ত

ফেনী শহরে টানা চার দিনব্যাপী উচ্ছেদ অভিযানে ফুটপাত দখলমুক্ত হয়েছে। অভিযানে শহরের প্রধান সড়ক ট্রাংক রোড, শহীদ শহীদুল্লা কায়সার সড়ক, মহিপাল, কুমিল্লা বাসস্ট্যান্ড, কলেজ রোড, মিজান রোডসহ অলিগলিতে সড়কের ওপর অস্থায়ীভাবে গড়ে তোলা দোকানপাট ও ভাসমান হকারদের উচ্ছেদ করা হয়। জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও পৌরসভার সম্মিলিত উদ্যোগে শহরে পথচারীসহ সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, বেশকিছু দিন ধরে শহরের ফুটপাত অবৈধভাবে দখল করে দোকানপাট গড়ে তোলা হয়। এতে চলাচলে ভোগান্তির শিকার হন পথচারীরা। গত সোমবার থেকে পুলিশ সুপার হাবিবুর রহমানের নেতৃত্বে ফুটপাত দখলমুক্ত করার অভিযান শুরু হয়। ফুটপাতসহ এর পার্শ্ব সড়কে বসানো অস্থায়ী দোকান, সাইনবোর্ড ও অবৈধ পার্কিং উচ্ছেদ করা হয়। পরদিন মঙ্গলবার থেকে অভিযানে যুক্ত হয় জেলা প্রশাসন ও পৌরসভা। শহরের বিভিন্ন পয়েন্টে পুনরায় এসব অবৈধ দোকান বসতে না পারে সেজন্য পুলিশ মোতায়েন করা হয়।

শহর ব্যবসায়ী সমিতির অ্যাডহক কমিটির সদস্য ও ফেনী প্রেস ক্লাবের সাবেক সভাপতি একেএম আব্দুর রহীম বলেন, শহরের সবচেয়ে বড় সমস্যা হলো যানজট। বছরের পর বছর ধরে চলা এই সমস্যায় নাকাল পৌরবাসী। আর পৌরবাসীর এই সমস্যা সমাধানের জন্য জেলা পুলিশ সুপারের উদ্যোগে অভিযান হচ্ছে। তবে এই উদ্যোগ তেমন কাজে আসছে না। কারণ দোকানের সামনে যেসব ফেরিওয়ালারা বসে, তাদের কাছ থেকে ভাড়া নেওয়া হয়। এর ফলে প্রশাসন চলে যাওয়ার পর তারা আবার বসে। তবে দোকানদার জরিমানা করলে এ সমস্যার সমাধান সম্ভব বলে উল্লেখ করেন তিনি।

স্বেচ্ছাসেবী সংগঠক ওসমান গণি রাসেল বলেন, জেলা পুলিশ ও পৌর প্রশাসনের সমন্বয়ে যানজট নিরসনের উদ্যোগকে স্বাগত জানাই। বিশেষ করে গত তিন দিন ফেনীর পুলিশ সুপার, পৌর প্রশাসক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতারা শহরে যত্রতত্র পার্কিং, অবৈধ উচ্ছেদে যে উদ্যোগ নিয়েছেন এজন্য জেলাবাসী তাদের স্বাগত জানিয়েছে। এসব অবৈধ উচ্ছেদে তাদের মধ্যে বেশ স্বস্তি ফিরেছে। পাশাপাশি এ ধারা যেন অব্যাহত থাকে সেদিকে নজর দেওয়ার আহ্বান জানান তিনি।

একাধিক পথচারী জানান, শহর যানজটমুক্ত ও পথচারীদের নির্বিঘ্ন চলাচলে এ অভিযান চলমান রাখতে হবে। পৌর কর্তৃপক্ষের উদাসীনতায় অতীতের মতো যেন এ পরিবেশ বিঘ্নিত না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে।

পথচারী মোহাম্মদ সোহরাব বলেন, যে অভিযান পরিচালনা করা হচ্ছে তা যেন অব্যাহত থাকে। আমাদের অনুরোধ, প্রয়োজনে এটার জন্য যেন আলাদা উইং করা হয়।

পুলিশ সুপার মো. হাবিবুর রহমান বলেন, গত সোমবার থেকে আমরা শুরু করেছি। রাস্তা দখলমুক্ত করার জন্য অভিযানে জেলা প্রশাসন থেকে একজন ম্যাজিস্ট্রেট আছেন, বিপুলসংখ্যক পুলিশ ও পৌরপ্রশাসকসহ তাদের লোকজন আছে। আমরা চেষ্টা করছি যাতে ফুটপাত ও রাস্তাঘাট হকারমুক্ত রাখা যায়। তার জন্য কাজ করে যাচ্ছি। আপনারা লক্ষ্য করছেন যে, রাস্তার ওপর গ্যাসের অনেক লাইন আছে, অনেকগুলো হোটেল রাস্তার ওপর রান্নার কাজ করছে। অবৈধভাবে যেসব জায়গা দখল করে রাখা হয়েছে সেগুলো দখলমুক্ত করতেও আমরা একযোগে কাজ করে যাচ্ছি।

ফেনী পৌরসভার প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন বলেন, উচ্ছেদ কার্যক্রমকে আরও বেগবান করার জন্য আমরা কাজ করে যাচ্ছি। পুলিশ প্রশাসন আমাদের সহযোগিতা করছে। ফুটপাত অবৈধ দখলমুক্ত রাখতে নাগরিকদেরও সদিচ্ছা থাকতে হবে। এক্ষেত্রে সবাই আন্তরিক হলেই দখলমুক্ত করা সম্ভব হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা