রাজবাড়ী প্রতিবেদক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫ ১৪:৪৯ পিএম
সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে রাজবাড়ীর পদ্মা নদীতে মা ইলিশ শিকারের অপরাধে ৬ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছেন মোবাইল কোর্ট। এ সময় জব্দ করা হয়েছে পাঁচ হাজার মিটার কারেন্ট চাল ও ৪ কেজি মা ইলিশ।
শুক্রবার (১০ অক্টোবর) ভোর থেকে সকাল ১০টা পর্যন্ত পদ্মা নদীর রাজবাড়ী সদর উপজেলার পদ্মা নদীর বিভিন্ন স্থানে মোবাইল কোর্ট পরিচালিত হয়।
রাজবাড়ী জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহাবুব উল হক বলেন, ৪ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত ইলিশের প্রজনন মৌসুম হওয়ায় সরকারিভাবে নিষেধাজ্ঞা চলছে। নিষেধাজ্ঞার এ সময়ে ইলিশ ধরা, পরিবহন করা ও বিক্রি করা দণ্ডনীয় অপরাধ। নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলা প্রশাসন উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে অভিযান চালানো হচ্ছে
তিনি বলেন, ভোর থেকে সদর উপজেলার পদ্মা নদী অংশে রাজবাড়ী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পায়রা চৌধুরীর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়। এ সময় ৫০০০ মিটার জাল, ৪ কেজি মা ইলিশ জব্দ ও ৬ জেলেকে আটক করা হয়। তিনজনকে ২০ দিন করে কারাদণ্ড এবং ৩ জনকে ১ হাজার টাকা করে জরিমানা ও ১০ দিন করে কারাদণ্ড প্রদান করা ও এদের সঙ্গে থাকা জাল পুড়িয়ে দেওয়া হয়। মা ইলিশ মাছ এতিমখানায় বিতরণ করা হয়।