নেত্রকোণা প্রতিবেদক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫ ২২:৩৪ পিএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৫ ২২:৩৯ পিএম
নেত্রকোণার মদন উপজেলা সদরের হযরত সৈয়দ আহমদ বসরী ওরফে বুড়াপীর (র.) এর নামে তৎকালীন সরকার কর্তৃক নাখেনাজকৃত সহায় সম্পত্তি স্থানীয় মীরবাড়ি পরিবারবর্গের কবল থেকে উদ্ধার, মাজারের স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা, মাজারের সার্বিক পরিস্থিতি সুষ্ঠু তদন্তপূর্বক অবৈধ মোতওয়াল্লী বাতিলের দাবিতে মানববন্ধন করেছে মাজারের আশেক সমিতি।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকালে মাজার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য দেনÑ মাজারের খাদেম শান্তু মীর, মাজারের আশেক সমিতির সভাপতি আবুল হাসেম, সহসভাপতি মজিবুর রহমান, সাধারণ সম্পাদক সুরুজ আলী, সদস্য তহসিল খান, জিয়াউর রহমান, স্থানীয় বাসিন্দা সাইদুর রহমানসহ ভক্তরা।
তারা বলেন, বিগত ১৭ বছর ধরে মীরবাড়ির শহীদ মীর ও তাদের লোকজন অবৈধভাবে মাজার দখল করে পরিচালনা করে আসছে। একই সঙ্গে তারা মাজারের আয়-ব্যয়ের কোনো রকম হিসাব না দিয়ে লাখ লাখ টাকা আত্মসাৎ করে আসছে। তাদের যা ইচ্ছা তাই করে আসছে। বর্তমানে তারা মাজারের জায়গা বিক্রি করে দিচ্ছে। আমরা চাই, এসব অন্যায় বন্ধ করা হোক। অবৈধ মোতওয়াল্লীকে বাতিল করে প্রশাসন ও আশেক সমিতিকে দায়িত্ব দেওয়া হোক।