× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কক্সবাজারে প্রথম প্লাস্টিক রিসাইক্লিং কারখানার যাত্রা শুরু

কক্সবাজার প্রতিবেদক

প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫ ১৮:৫৬ পিএম

কক্সবাজারে প্রথম প্লাস্টিক রিসাইক্লিং কারখানার যাত্রা শুরু

একবার ব্যবহারযোগ্য প্লাস্টিক বর্জ্যকে মূল্যবান সম্পদে রূপান্তরের লক্ষ্যে কক্সবাজারে প্রথমবারের মতো যাত্রা শুরু করেছে প্লাস্টিক রিসাইক্লিং (পুনঃপ্রক্রিয়াজাতকরণ) কারখানা। 

বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে রামু উপজেলার মিঠাছড়িতে স্থাপিত এই কারখানার উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ব ব্যাংকের পরিবেশ বিশেষজ্ঞ বুশরা নিশাত, ইউএনওপিএস বাংলাদেশের টেকনিক্যাল অ্যাডভাইজর (মেডিক্যাল ওয়েস্ট) মেইসন সালাম, কক্সবাজার পৌরসভার প্রশাসক নিজাম উদ্দিন আহমেদ, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ইবনে মায়াজ প্রামাণিক, পরিবেশ অধিদপ্তরের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) জমির উদ্দিন, ব্র্যাকের জলবায়ু পরিবর্তন কর্মসূচির পরিচালক ড. মো. লিয়াকত আলী এবং মানবিক সংকট ব্যবস্থাপনা কর্মসূচির (এইচসিএমপি) সহযোগী পরিচালক রেজাউল করিম।

সংশ্লিষ্টদের মতে, পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণীয় ভ্রমণ গন্তব্য হওয়ায় এবং বিপুল সংখ্যক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর চাপে কক্সবাজারে প্রতিদিন বিপুল পরিমাণ প্লাস্টিক বর্জ্য উৎপাদিত হচ্ছে। কক্সবাজারে প্রতিদিন প্রায় সাড়ে ৩৪ টন প্লাস্টিক বর্জ্য উৎপাদিত হয়। এর মধ্যে একবার ব্যবহারযোগ্য পলিথিন, প্যাকেট, পণ্যের মোড়কসহ বিভিন্ন প্লাস্টিক বর্জ্য পুনঃপ্রক্রিয়া করা কঠিন এবং এর বাজারমূল্য প্রায় নেই বললেই চলে। তবে নতুন এই রিসাইক্লিং কারখানায় এমন বর্জ্য থেকেই তৈরি করা হচ্ছে পরিবেশবান্ধব, টেকসই ও দৃষ্টিনন্দন সোফা, বেঞ্চ ও খুঁটি।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিরিক্ত সচিব মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ বলেন, এই উদ্যোগ টেকসই বর্জ্য ব্যবস্থাপনার এক অনন্য উদাহরণ। এটি একদিকে পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, অন্যদিকে নারী ও স্থানীয় জনগোষ্ঠীর কর্মসংস্থান সৃষ্টি করছে। ভবিষ্যতে এ ধরনের প্রকল্প সারা দেশে সম্প্রসারিত হবে।

মেইসন সালাম বলেন, এটি সরকারি-বেসরকারি অংশীদারিত্বের এক দৃষ্টান্তমূলক উদ্যোগ, যা পরিবেশগত চ্যালেঞ্জকে সম্ভাবনায় রূপান্তর করছে। বাংলাদেশকে প্লাস্টিক দূষণমুক্ত ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে এবং নারীদের ও স্থানীয় জনগোষ্ঠীর ক্ষমতায়নের মাধ্যমে টেকসই বর্জ্য ব্যবস্থাপনায় ইউএনওপিএস প্রতিশ্রুতিবদ্ধ।

ব্র্যাকের পরিচালক ড. মো. লিয়াকত আলী বলেন, “প্লাস্টিক ফ্রি রিভারস অ্যান্ড সিজ ফর সাউথ এশিয়া (প্লিজ) প্রকল্পের আওতায় দীর্ঘদিন ধরেই ব্র্যাক কক্সবাজারে প্লাস্টিক দূষণমুক্ত পরিবেশ গড়তে কাজ করছে। এরই অংশ হিসেবে কক্সবাজার পৌরসভার সহযোগিতায় এই রিসিাইক্লিং কারখানাটি স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে প্লাস্টিক বর্জ্য সংগ্রহকারী, এসব বর্জ্য বিক্রির সঙ্গে যুক্ত মানুষ এবং কারখানার কর্মী থেকে শুরু করে এখানে উৎপাদিত পণ্য বিক্রয়কারী- এই সকলকে মিলে বিপুল পরিমাণ জনগোষ্ঠীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।

জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ইবনে মায়াজ প্রামাণিক জানান, এই রিসাইক্লিং কারখানার পাশাপাশি এখানে কঠিন ও পয়ঃবর্জ্য ব্যবস্থাপনার স্থাপনা নির্মাণের কাজ চলছে। ভবিষ্যতে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনার পরিকল্পনাও রয়েছে।

এই কারখানাটি ‘প্লাস্টিক ফ্রি রিভারস অ্যান্ড সিজ ফর সাউথ এশিয়া’প্রকল্পের অংশ, যা বিশ্বব্যাংক ও ইউএনওপিএস-এর সহায়তায় বাস্তবায়ন করছে সাউথ এশিয়া কোঅপারেটিভ এনভায়রনমেন্ট প্রোগ্রাম। কক্সবাজার পৌরসভার সহযোগিতায় ব্র্যাক এই প্রকল্পটি বাস্তবায়ন করছে।

৫ হাজার ২৮০ বর্গফুট আয়তনের এই কারখানায় প্রতি ঘণ্টায় ২০০ কেজি পর্যন্ত প্লাস্টিক বর্জ্য প্রক্রিয়াজাত করা যাবে। পরিবেশবান্ধব কার্যক্রম নিশ্চিতে এতে রয়েছে দৈনিক ২ হাজার লিটার তরল বর্জ্য পরিশোধন ব্যবস্থা (ইটিপি), সোলার পাওয়ার জেনারেশন সিস্টেম, ফায়ার সেফটি, ইলেকট্রিক সাবস্টেশন ও চব্বিশ ঘণ্টার সিসিটিভি নজরদারির ব্যবস্থা। কারখানাটি প্লাস্টিক দূষণ কমানোর পাশাপাশি নারী বর্জ্য সংগ্রাহকদের ক্ষমতায়ন ও স্থানীয় কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা