ফেনী প্রতিবেদক
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫ ১৪:২১ পিএম
ফেনীতে টাইফয়েড টিকার লক্ষ্যমাত্রা ৪ লাখ ২৫ হাজার ৪৩৭ শিশু। এদের মধ্যে রেজিস্ট্রেশন করেছে ৩ লাখ ১৩ হাজার ৮০৮ জন। যা শতকরা হিসেবে প্রায় ৭৪ শতাংশ।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) টিসিডি টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ফেনীর সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. মোহাম্মদ রুবাইয়াত বিন করিম এ তথ্য জানান। তিনি গুজবে কান নেয়া না দেয়া ও সচেতন থাকার অনুরোধ জানান।
সম্মেলনে সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. রাশেদুল হাসান, ডাক্তার ইমাম হোসেন, ডা. আমির খশরু তারেকসহ ফেনীতে কর্মরত গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ফেনী জেলার টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন ক্যাম্পেইনে ৯ মাস হতে ১৫ বছর বয়সী শিশুদের (শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে নবম শ্রেণি পর্যন্ত) লক্ষ্যমাত্রা ৪ লাখ ২৫ হাজার ৪৩৭ জন। যার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে (কিন্ডারগার্টেন, প্রাথমিক, মাধ্যমিক সরকারি বেসরকারি স্কুল, ইংলিশ মিডিয়াম স্কুল, আলিয়া ও কওমি মাদ্রাসা) অধ্যয়নরত শিক্ষার্থীদের লক্ষ্যমাত্রা ২ লাখ ৯৫ হাজার ১২৭ জন ও কমিউনিটিতে লক্ষ্যমাত্রা ১ লাখ ৩০ হাজার ৩১০ জন। আগামী ১২ অক্টোবর রবিবার থেকে প্রতি কর্মদিবসে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৯ মাস হতে ১৫ বছর বয়সী শিশুদের (শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে নবম শ্রেণি পর্যন্ত) এক ডোজ টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন প্রদান করা হবে।
এতে আরও জানানো হয়, ১২ অক্টোবর হতে ১৩ নভেম্বর পর্যন্ত মোট ১৮ কর্মদিবস এই ক্যাম্পেইন পরিচালিত হবে। ১ম পর্যায়ে (১২-৩০ অক্টোবর) শিক্ষা প্রতিষ্ঠানে ও স্থায়ী টিকাদান কেন্দ্রে (যে কোনো ১০ কর্মদিবস) ও পরবর্তী পর্যায়ে (০১-১৩ নভেম্বর) কমিউনিটিতে (গ্রামাঞ্চল ও নগরাঞ্চলে নিয়মিত ও স্থায়ী টিকাদান কেন্দ্রে যেকোনো ৮ কর্মদিবস) এই ক্যাম্পেইন পরিচালিত হবে। ফেনী জেলায় ৭টি স্থায়ী, ১০৯৮টি অস্থায়ীসহ সর্বমোট ১১০৫টি কেন্দ্রে স্বাস্থ্য বিভাগ ও অন্যান্য সহযোগী সংস্থার সহযোগিতায় সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এই টিকা দেয়া হবে। টিকা প্রদানের লক্ষ্যে vaxepi.gov.bd এর মাধ্যমে রেজিস্ট্রেশন চলমান আছে।